বিধানসভা থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ তৈরির তৎপরতা শুরু করেছেন বিজেপি বিধায়কেরা। এবার সেই সেবা কেন্দ্রগুলিতে রাখার জন্য রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে প্রকাশ করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দিষ্ট প্রতিকৃতি। ছবিতে সাদা ধুতি ও সাদা পাঞ্জাবি পরিহিত, একেবারে বাঙালিয়ানার সাজে দেখা যাচ্ছে দেশনেতাকে।

ছবি রাখা বাধ্যতামূলক(Netaji Subhash Chandra Bose)
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, প্রত্যেক বিজেপি বিধায়ককে নিজের বিধানসভা কেন্দ্রে একটি করে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ খুলতে হবে। এই সেবা কেন্দ্রের মূল লক্ষ্য হল, বিধানসভা এলাকার সাধারণ মানুষ যাতে সরাসরি এসে তাঁদের সমস্যার কথা বিধায়ককে জানাতে পারেন এবং জনপ্রতিনিধি সেই সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নিতে পারেন। অর্থাৎ, এক দিকে যেমন সেবা কেন্দ্রের মাধ্যমে বিধায়কদের জনসংযোগ আরও বাড়বে, অন্য দিকে সাধারণ মানুষ ও তাঁদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগও তৈরি হবে।
প্রত্যেক সেবা কেন্দ্রে তথ্য ও সংস্কৃতি দফতরের দেওয়া নেতাজির এই নির্দিষ্ট প্রতিকৃতি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রতিকৃতি রাখার শর্তেই সেবা কেন্দ্র পরিচালনার জন্য প্রত্যেক বিধায়ককে মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। সূত্রের খবর, কালো ফ্রেমে বাঁধানো নেতাজির এই ছবি প্রত্যেক বিধায়কের হাতে তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ (Netaji Subhash Chandra Bose)
নেতাজিকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই বিধানসভা থেকে নেতাজিকে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি সম্পর্কে কোনও অবমাননাকর মন্তব্য বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মিম, রিল বা পোস্ট ছড়ানোর ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমন অভিযোগ যদি কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধেও ওঠে, তাঁকেও রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পুলিশকেও সাইবার ক্রাইমের মাধ্যমে এই ধরনের ঘটনা শক্ত হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়।
অনন্তর ক্ষমা (Netaji Subhash Chandra Bose)
মুখ্যমন্ত্রীর এই নির্দেশ ও হুঁশিয়ারির পরেই নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনন্ত মহারাজ। সেই বিতর্কের আবহেই এবার সেবা কেন্দ্রে নেতাজির সাদা ধুতি-পাঞ্জাবি পরিহিত বাঙালিয়ানার সাজের এই প্রতিকৃতি প্রকাশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নেতাজির এই নির্দিষ্ট প্রতিকৃতিই এবার রাজ্যের বিজেপি বিধায়কদের সেবা কেন্দ্রে নতুন রাজনৈতিক বার্তার অংশ হতে চলেছে।

আরও পড়ুনঃ অনুব্রতর প্রাক্তন দেহরক্ষিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি

