Bengal Liberty:
উলুবেড়িয়ায় বেআইনি নির্মাণ ও দুর্নীতির অভিযোগ তুলে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক পুলক রায়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, উলুবেড়িয়া শহরের মাত্র দু’-তিনটি ওয়ার্ডে ১৭৮টি ফ্ল্যাট তৈরি হয়েছে। অভিযোগ, এর মধ্যে এক জন প্রোমোটারই প্রায় ৫০টি ফ্ল্যাট তৈরি করেছেন। মাত্র চার ফুট চওড়া রাস্তার পাশে কীভাবে আটতলা বাড়ি তৈরির অনুমোদন মিলল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বেআইনী নির্মাণ (Ritabrata Banerjee)
ঋতব্রতের অভিযোগ, এই নির্মাণের পিছনে বড়সড় ‘নেক্সাস’ রয়েছে। তাঁর দাবি, উলুবেড়িয়ার তৎকালীন মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল বিধায়ক পুলক রায়ের নেতৃত্বে যে ‘দুর্নীতির মেগা সেল’ চলেছে, এই নির্মাণগুলি তারই উদাহরণ। তাঁর অভিযোগ, ১৭৮টি ফ্ল্যাট চার-পাঁচ জন প্রোমোটারের মধ্যে ভাগ হয়ে গিয়েছে এবং তাঁরা সকলেই পুলক রায়ের মদতপুষ্ট।
ঋতব্রতের প্রশ্ন, “চার ফুট রাস্তায় আটতলা বাড়ির প্ল্যান স্যাংশন করেছে কে? কীভাবে স্যাংশন করা হল?” তাঁর দাবি, ওই নির্মাণে ফায়ার ব্রিগেডের নিয়মও মানা হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের জানানোর কথাও বলেছেন তিনি।

উলুবেড়িয়া অর্গানাইজড লুট (Ritabrata Banerjee)
বিরোধী দলনেতার আরও অভিযোগ, উলুবেড়িয়ায় ‘অর্গানাইজড লুট অ্যান্ড লিগালাইজড প্লান্ডার’ চলছে। তাঁর দাবি, এই অভিযোগের সঙ্গে যুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে বিধানসভায় বিষয়টি তুলে ধরবেন তিনি।
একই সঙ্গে ‘হুইসেলব্লোয়ার’-দের নিরাপত্তা নিয়েও সরব হয়েছেন ঋতব্রত। তাঁর অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলা ব্যক্তিদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা বিধায়ক হিসেবে তাঁর নৈতিক দায়িত্ব বলেও দাবি করেন তিনি।
Ritabrata Banerjee
তবে ঋতব্রতের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে পাল্টা প্রশ্নও উঠছে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এত দিন তিনি কোথায় ছিলেন? তখন যদি উলুবেড়িয়ায় এমন ‘অর্গানাইজড দুর্নীতি’ চলেই থাকে, দল ও প্রশাসনের ভিতরে থেকেও কেন সরব হননি?
এ দিকে পুলক রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত ভাবে জানানোর কথাও জানিয়েছেন ঋতব্রত।

আরও পড়ুনঃ কলেজ পরিচালন সমিতিতে ‘গেরুয়া আধিপত্য’, বিজেপির তৃণমূলের পথেই হাঁটার অভিযোগ ঋতব্রতের

