Bengal Liberty:
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সদস্যদের তালিকা প্রকাশের পরেই সরব হল বিরোধী শিবির। শুক্রবার উচ্চশিক্ষা দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে বিজেপির বিধায়ক ও সাংসদদের রাখা হয়েছে(Ritabrata on BJP)। এই সিদ্ধান্ত নিয়েই সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ঋতব্রতের অভিযোগ (Ritabrata on BJP)
ঋতব্রতের অভিযোগ, “বিরোধী বিধায়কদের কলেজ বা স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ দেওয়া হয়নি। অনিলায়ন বা মমতায়নের কোনও বদল হয়নি।” তাঁর দাবি, স্থানীয় বিধায়ক হিসেবে নয়, নির্দিষ্ট ভাবে বিজেপির বিধায়ক এবং সাংসদদেরই পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। ফলে ক্ষমতার পালাবদল হলেও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থায় দলীয় প্রভাবের কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাঁর।
বিরোধী দলনেতার বক্তব্য, বিজেপি যখন বিরোধী আসনে ছিল, তখন তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলত, রাজ্যের কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন কমিটিতে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমনকি কাউন্সিলরদেরও বসানো হচ্ছে। সেই সময় রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাব্যবস্থার দাবিও তুলেছিল গেরুয়া শিবির।

এ বার সেই প্রসঙ্গই তুলে বিজেপিকে কটাক্ষ ঋতব্রতের। তাঁর প্রশ্ন, বিরোধী আসনে থাকার সময় যে ব্যবস্থার বিরোধিতা করা হয়েছিল, ক্ষমতায় এসে সেই একই পথ অনুসরণ করছে বিজেপি। তাঁর মতে, সত্যিই যদি বদল আনার ইচ্ছা থাকত, তা হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বিরোধী বিধায়কদেরও পরিচালন সমিতির সভাপতি করা যেত। তবেই বোঝা যেত, সরকার আগের রাজনৈতিক নিয়ন্ত্রণের ধারাবাহিকতা থেকে সরে এসেছে।
রাজনৈতিক দ্বন্দ্ব (Ritabrata on BJP)
ঋতব্রতের বক্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি শিক্ষামহলেও প্রশ্ন উঠছে, পরিচালন সমিতিতে রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়লে কলেজের প্রশাসনিক সিদ্ধান্ত কতটা স্বাধীন থাকবে। সাধারণ পড়ুয়াদের স্বার্থে এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে কি না, সেই প্রশ্নও উঠছে।
ওয়াকিবহাল মহলের একাংশের আশঙ্কা, তৃণমূল আমলে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে যে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, নতুন ব্যবস্থাতেও যদি একই ধরনের প্রবণতা দেখা দেয়, তা হলে তার পুনরাবৃত্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সেই পুরনো অভিযোগেরই পুনরাবৃত্তি হচ্ছে কি না, এখন সেটাই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে।

আরও পড়ুনঃ ‘বাবরি মসজিদের জমিতে ঘাস গজাচ্ছে, কোনও নির্মাণকাজ নেই’, হুমায়ুনকে নিশানা অধীরের

