Blood Bank Scam
Bengal Liberty:
স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী রক্ত ও প্লাজমা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা পড়েনি। সেই রিপোর্টে গরমিলের অভিযোগ সামনে আসতেই এন্টালির একটি ব্লাড ব্যাঙ্কে আচমকা অভিযান চালাল স্বাস্থ্য দফতর (Blood Bank Scam)। সোমবার লেডিজ় পার্ক সংলগ্ন লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কে পৌঁছয় স্বাস্থ্য দফতরের বিশেষ দল। কেন নির্দিষ্ট তথ্য জমা দেওয়া হয়নি, রক্ত ও প্লাজমা বিক্রি বা স্থানান্তর সংক্রান্ত কোনও তথ্য গোপন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

(Blood Bank Scam)
অভিযোগ, রক্ত ও প্লাজমা বিক্রির বিষয়ে ISBT-কে প্রয়োজনীয় তথ্য জানানো হয়নি। স্বাস্থ্য দফতরের ব্লাড সেফটি বিভাগের সঙ্গে যৌথভাবে এ দিনের অভিযানে সামিল হন অর্থ দফতর এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধিরাও।
কড়া স্বাস্থ্যভবন (Blood Bank Scam)
রাজ্যে রক্ত ও প্লাজমার অননুমোদিত কারবার এবং কালোবাজারি রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, বাল্ক বা পাইকারি পরিমাণে রক্ত কিংবা প্লাজমা অন্যত্র পাঠানো বা বিক্রির ক্ষেত্রে অন্তত সাত দিন আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণ তথ্য জানিয়ে অনুমতি নিতে হবে।
সম্প্রতি পাড়ায় পাড়ায় আয়োজিত রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ভিন্রাজ্যে পাঠিয়ে প্লাজমা ও রক্ত চড়া দামে বিক্রির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, রাজ্যভেদে আলাদা দামে সেই রক্ত ও প্লাজমা বিক্রি করা হত। এই অভিযোগ সামনে আসার পরই স্বাস্থ্য দফতরের নজরদারি আরও কড়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশ (Blood Bank Scam)
স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ্বত মুখোপাধ্যায়ও এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাড়ায় পাড়ায় রক্ত সংগ্রহের ক্ষেত্রেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে ১১টি ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।
এদিকে, বৈধ চাহিদা বা রিকুইজিশন থাকা সত্ত্বেও কোনও রোগীর পরিবারকে রক্ত বা প্লাজমা না দিয়ে ফেরানো যাবে না বলেও নির্দেশ রয়েছে। এই পরিস্থিতিতে এন্টালির লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কে আচমকা এই অভিযানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তদন্তে নিয়মভঙ্গের প্রমাণ মিললে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলেও সূত্রের খবর।

আরও পড়ুনঃ যাদবপুরে অশান্তিতে গ্রেফতার শূন্য! আজ CCTV ফুটেজ সংগ্রহে পুলিশ?

