Bray Wyatt
Bengal Liberty
২০২৩ সালের ২৪ অগস্ট। হঠাৎ করেই মোবাইলের(Bray Wyatt)নোটিফিকেশনে ভেসে উঠল এক আশ্চর্য, অবিশ্বাস্য খবর। মাত্র ৩৬ বছর বয়সেই মৃত্যু হল প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ব্রেই ওয়্যাটের। একাধিক ভুয়ো খবরের মাঝে প্রথমে অনেকেই এই খবরের সত্যতা যাচাই করতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। ঘুমের মধ্যেই কাউকে কিছু জানানোর সুযোগ না দিয়ে হঠাৎই না ফেরার দেশে পাড়ি দিলেন উইন্ডহ্যাম রোটান্ডা, ওরফে সকলের পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় ব্রেই ওয়্যাট।

বিশ্বাস না হওয়া খবর(Bray Wyatt)
খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা রেসলিং দুনিয়া। মাত্র ৩৬ বছর বয়সেই সকলকে একা করে সেদিন অমর হয়ে গিয়েছিলেন ব্রেই ওয়্যাট। তাঁর মৃত্যুর তিন বছর পূর্ণ হতেই রেসলিং সমর্থকরা ফের তাঁর স্মৃতিচারণায় ব্যস্ত। ২০১৩ থেকে ২০২৩—এক দশক ধরে তাঁর পাগলামি, রেসলিংয়ের নিজস্ব স্টাইল এবং মানুষের সঙ্গে তাঁর কথোপকথন—সবকিছুই তাঁকে বাকিদের থেকে আলাদা করে রেখেছিল। রেসলিং পরিবার থেকে উঠে এলেও পদে পদে প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করে রোমান রেইন্স, জন সিনা, ব্রক লেসনারের মতো তাবড় মহারথীদের তালিকায় নিজের নাম যুক্ত করেছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই কীভাবে নিজের জায়গা তৈরি করা যায়, তার প্রকৃত উদাহরণ ছিলেন ব্রেই ওয়্যাট।

প্রতিকূলতাকে হারিয়ে জয়ের স্বাদ(Bray Wyatt)
রেসলিং পরিবার থেকে এলেও জীবনসংগ্রামের মধ্য দিয়েই একের পর এক সিঁড়ি পেরিয়েছেন তিনি। প্রথমে এনএক্সটিতে নিজের দল তৈরি করা, তার পরে মূল শোয়ে এসেও জনপ্রিয়তার শীর্ষে থাকা তাবড় রেসলিং কিংবদন্তিদের বিরুদ্ধে নিজের আলাদা জায়গা করে নেওয়া মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু অল্প সময়ের মধ্যেই সমর্থকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন ব্রেই ওয়্যাট।
সেরার তালিকায় জায়গা করে নেওয়া(Bray Wyatt)
এমনকি সকলের পছন্দের জন সিনার সামনেও সমর্থকদের চোখের মণি হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে এলিমিনেশন চেম্বারে এজে স্টাইলস এবং জন সিনাকে হারিয়ে জিতে নিয়েছিলেন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ। এ ছাড়াও দু’বার ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং একাধিকবার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হওয়ার নজিরও রয়েছে তাঁর।
দ্বিতীয় ইনিংস, অবশেষে চোখের জলে বিদায়(Bray Wyatt)
কোভিড-১৯ মহামারির সময় তৎকালীন মালিক ও চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যানের সঙ্গে মনোমালিন্যের জেরে ডব্লিউডব্লিউই থেকে বেরিয়ে যান তিনি। তবে ভাগ্যের চাকা ফের ঘুরেছিল এক্সট্রিম রুলস শোয়ে। একেবারেই নতুন অবতারে সকলের সামনে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অবশেষে ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে যান সকলের প্রিয় ব্রেই ওয়্যাট। আজ তাঁর মৃত্যুদিনে তাঁকেই স্মরণ করছেন রেসলিং সমর্থকরা। তিনি না থাকলেও তাঁর প্রতিটি কথা, প্রতিটি ম্যাচ এখনও সবার স্মৃতিতে অমলিন। অসংখ্য সমর্থক এখনও তাঁকে খুব মিস করেন ।


