Bengal Liberty
বসিরহাটের হাড়োয়া এলাকায় আচমকা অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল ছড়াল (Gas Leak)। শা’পুকুর সংলগ্ন একটি বরফ কারখানা থেকে ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় চোখ জ্বালা, শ্বাসকষ্ট-সহ নানা উপসর্গ দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনায় মহিলা ও শিশু-সহ অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনবসতিতে বরফ কারখানা Gas Leak
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ আচমকাই ওই বরফ কারখানা থেকে গ্যাস লিক হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কারখানার আশপাশের এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। গ্যাসের প্রভাবে একের পর এক স্থানীয় বাসিন্দার চোখ জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একইসঙ্গে কারখানার ঠিক কোথা থেকে গ্যাস লিক হয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানা চালানোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ। কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা। বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

বাসিন্দাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা এড়াতে প্রশাসনের অবিলম্বে পদক্ষেপের প্রয়োজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

