Abhishek Banerjee
Bengal Liberty:
বিদেশ যাওয়ার আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া নিয়ে কলকাতা হাই কোর্টে যে মামলা হয়েছিল, সোমবার তার নিষ্পত্তি হয়েছে। ব্যাঙ্কের তরফে আদালতকে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের KYC-সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং তাঁর অ্যাকাউন্টও সক্রিয় করা হয়েছে। ফলে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও আর কোনও বাধা থাকছে না।

ব্যাঙ্কের রিপোর্ট (Highcourt on Abhishek)
KYC তথ্য আপডেট না থাকার কারণেই অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছিল বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়। এর জেরে নিজের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারছিলেন না তৃণমূল সাংসদ। বিদেশ সফরের ঠিক আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় অভিষেকের বিদেশযাত্রায় কোনও সমস্যা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল।

বিচারপতির পর্যবেক্ষণ (Highcourt on Abhishek)
মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণারাও পর্যবেক্ষণ করেন, কোনও গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে যথাযথ ভাবে জানানো উচিত ছিল। ব্যাঙ্কের আইনজীবী জানান, SMS-এর মাধ্যমে অভিষেককে বিষয়টি জানানো হয়েছিল। এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, KYC আপডেটের প্রয়োজন থাকলে ব্যাঙ্কের প্রতিনিধিরা প্রয়োজনে তাঁর বাড়িতেও গিয়ে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারতেন।
অভিষেকের আইনজীবীও প্রশ্ন তুলেছিলেন, নির্দিষ্ট নিয়ম মেনে তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল কি না। সেই প্রেক্ষিতে ব্যাঙ্কের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত।
Highcourt on Abhishek
তবে সোমবারের শুনানিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ায় আপাতত সেই জটিলতার অবসান হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিদেশযাত্রার আগে অ্যাকাউন্ট সংক্রান্ত আইনি জটিলতা মিটে যাওয়ায় অভিষেকের বিদেশ সফরের পথও কার্যত পরিষ্কার।

আরও পড়ুনঃ বিরোধীদের ‘কণ্ঠরোধ’ নয়! বিধানসভায় মমতাপন্থী তৃণমূল বিধায়কদের জন্য আলাদা ঘর

