Imran Khan
Bengal Liberty
পাকিস্তানের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক(Imran Khan) ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারের উদ্দেশে ফের চিঠি দিলেন ২১ জন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার। চিঠিতে যেন চাঁদের হাট! তাবড় তাবড় ক্রিকেটার যেমন ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, ইয়ান বোথাম, অ্যালিস্টার কুক ছাড়াও তালিকায় রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
এর আগেও ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরে শাহবাজ শরিফের উদ্দেশে চিঠি দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। এবারও মানবিকতার খাতিরে সবাই মিলে প্রাক্তন এই অধিনায়কের জন্য নতুন করে চিঠি দিলেন। আগের চিঠিতে যে খুব একটা কাজ হয়নি, তা পাকিস্তান সরকারের ভূমিকা দেখেই অনেকের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।

চিকিৎসা নিয়েও টালবাহানা(Imran Khan)
দীর্ঘ টালবাহানা ও গড়িমসির পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, খুব দ্রুত তাঁকে ফের কারাগারে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার খবর সামনে আসতেই পাকিস্তানজুড়ে গণবিক্ষোভ শুরু হয়েছে। কার্যত টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সরকারের সামনে। এরই মধ্যে প্রাক্তন ক্রিকেটারদের চিঠিতে ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখা হয়েছে,
“প্রিয় প্রধানমন্ত্রী, ছ’মাস আগে ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক আপনাকে এবং পাকিস্তান সরকারকে চিঠি লিখে ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং শারীরিক যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রাজনীতিবিদ হিসেবে নয়, প্রাক্তন সতীর্থ হিসেবে আমরা চিঠি লিখেছিলাম। ক্রিকেট মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব রয়েছে, যার কোনও সীমানা বা সমস্যা নেই, যা দু’দেশকে ভাগ করতে পারে। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে প্রাক্তন আরও কিছু অধিনায়ককে সঙ্গে নিয়ে আমরা আবার চিঠি লিখছি।”
আদৌ কিছু লাভ হবে(Imran Khan)
প্রাক্তন সতীর্থ এবং মাঠের প্রতিপক্ষের জন্য এই ধরনের চিঠি খুব কম মানুষের ক্ষেত্রেই লেখা হয়। এর থেকেই বোঝা যায়, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইমরান খানের মানবিক মুখটিও বারবার সমর্থকদের সামনে উঠে আসে। এমনও দেখা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে অনেক ভারতীয় সমর্থক চাইতেন ভারত জিতুক, তবে ইমরান খানও যেন ভালো পারফর্ম করেন।

তাই হয়তো মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে সবাই আবার ইমরান খানের সমর্থনে এক সুরে সুর মেলাচ্ছেন। তবে প্রশ্ন হল, যে সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশকে কার্যত উপেক্ষা করে, সেই সরকার কি ক্রিকেটারদের এই করুণ আর্জির দিকে নজর দেবে? এর আগেও চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি। এবার দেখা যাক, কোন দিকে মোড় নেয় ইমরান খান বনাম পাকিস্তান সরকারের এই ‘ক্রিকেট ম্যাচ’।


