ABVP On Jadavpur
Bengal Liberty:
দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে গত বুধবার থেকে কার্যত অচল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ১৯ ও ২০ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার রেশ কাটার আগেই এবার নতুন করে একাধিক ইস্যুতে সরগরম বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সোমবার থেকে পঠনপাঠন স্বাভাবিক হওয়ার কথা থাকলেও তার আগেই তদন্ত কমিটি, মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং পাল্টা এসএফআইয়ের চিঠিকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

কমিটি নিয়ে প্রশ্ন (Jadavpur University)
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের অন্তর্তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভঙ্কর সরকার। কিন্তু কমিটি কাজ শুরু করার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়কে ই-মেল করেন তিনি। অন্যদিকে, এই কমিটির গঠন নিয়েই আগেই আপত্তি জানিয়েছিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের সদস্য অধ্যাপকদের একাংশ। ফলে তদন্ত আদৌ কীভাবে এগোবে, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারী (Jadavpur University)
এর মধ্যেই শনিবারের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাদবপুর সংক্রান্ত মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যাদবপুরে জাতীয় পতাকা উত্তোলন ও ‘বন্দে মাতরম’ গাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং ক্যাম্পাসে ‘টুকরো টুকরো গ্যাং’-এর মতো গোষ্ঠী তৈরি হয়েছে। সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। এই ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই খোলা চিঠি দিয়েছে এসএফআই। সংগঠনের দাবি, যাদবপুরে CCTV নেই, এমন তথ্য সঠিক নয়। তাদের বক্তব্য, CCTV না থাকলে ১৯ আগস্ট রাতের ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসত না। ‘বন্দে মাতরম’ প্রসঙ্গেও রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্যের উল্লেখ করে উগ্র জাতীয়তাবাদ ও হিংসাত্মক পরিবেশ তৈরির বিরোধিতা করেছে এসএফআই।
জোড়া কর্মসূচি (Jadavpur University)
এদিকে, সোমবার বিকেলে এসএফআইয়ের তরফে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে। অন্যদিকে, এবিভিপি-সহ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের সদস্য শিক্ষকদের একাংশের তরফেও পাল্টা বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ফলে একদিকে সোমবার থেকে পঠনপাঠন স্বাভাবিক করার প্রস্তুতি, অন্যদিকে দুই পক্ষের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে টানাপোড়েনের জেরে সোমবার যাদবপুর ক্যাম্পাসে ফের অশান্তির পরিস্থিতি তৈরি হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার! শেষ মুহূর্তে হাইকোর্টের স্থগিতাদেশ

