Kolkata Fire
Bengal Liberty : কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire)। বাঁকড়া এলাকায় একটি গাড়ির শোরুমের সার্ভিস সেন্টারে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শোরুমের একাধিক অংশে। দাউদাউ করে জ্বলতে থাকে ভিতরে থাকা গাড়িগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। তবে বহু গাড়ি পুড়ে নষ্ট হয়েছে (Kolkata Fire)।

তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (Kolkata Fire)
প্রথমে মধ্যমগ্রাম ও বিরাটি ফায়ার স্টেশন থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা দেখে পরে আরও ইঞ্জিন আনা হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তাপে পাশের এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে যশোর রোডে সাময়িক যানজট তৈরি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দমকল দেরিতে পৌঁছেছিল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দমকলের আধিকারিক। তাঁর দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

তদন্তে দমকল (Kolkata Fire)
বিমানবন্দরের রানওয়ে বাঁকড়ার দিক দিয়ে হওয়ায় আগুনের জেরে বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এখনও পর্যন্ত বিমান পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলেই জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুনের সূত্রপাত কীভাবে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল। আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সার্ভিস সেন্টারে থাকা কতগুলি গাড়ি পুড়েছে এবং মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘শিখা ইন’ হোটেলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। রাত পৌনে ২টো নাগাদ হোটেলের একটি ফ্লোরে আগুন লাগে। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে একাধিক হোটেল ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। অভিযোগ, হোটেলের এক্সিট গেট বন্ধ থাকায় আগুনের খবর পেয়েও অনেকে বেরোতে পারেননি। ফলে আতঙ্কের মধ্যে আটকে পড়েন বহু মানুষ। সেই ঘটনার উত্তাপ কমতে না কমতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়।
আরও পড়ুন :
Jadavpur University: পঠনপাঠন ফিরছে, সঙ্গে ফিরছে রাজনৈতিক উত্তাপ! সোমবার যাদবপুরে জোড়া কর্মসূচি

