SSKM hospital
Bengal Liberty: কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতাল চত্বরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। সোমবার সকালে হাসপাতালের ইউরোলজি ওপিডি গেটের সামনে একটি বিশাল পুরনো গাছ হঠাৎই উপড়ে পড়ে। এই ঘটনায় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪৬ বছরের এক মহিলার। পাশাপাশি, এই দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
কীভাবে ঘটেছিল দুর্ঘটনা? (SSKM hospital)
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতালের ইউরোলজি বিভাগের বাইরে একটি কংক্রিটের বেঞ্চে বসেছিলেন বেশ কয়েকজন রোগী ও তাঁদের পরিজনেরা।প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই বিকট শব্দে একটি বিশাল পুরনো গাছ শেকড়সমেত উপড়ে তাঁদের উপর এসে পড়ে।
বীরভূমের নলহাটি থেকে আসা রাহিদা বিবি (৪৬) নামের ওই মহিলা গাছটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এছাড়া জিল্লার রহমান (৬৮) এবং শিস মহম্মদ শেখ (৭৬) নামের আরও দুই প্রবীণ ব্যক্তি এই দুর্ঘটনায় জখম হন।

নলহাটি থেকে এসেছিলেন রোগীর দেখাশোনার জন্য (SSKM hospital)
মৃত রাহিদা বিবি বীরভূমের নলহাটি থানার হায়দারপুর গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁরই এক আত্মীয় আখলিমা বিবি এসএসকেএমের ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরই দেখাশোনার জন্য বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন রাহিদা। সোমবার সকালে হাসপাতালের চত্বরে খোলা আকাশের নিচে ওই কংক্রিটের বেঞ্চে বিশ্রাম নেওয়ার সময়ই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে চাঞ্চল্য ও উদ্ধারকার্য (SSKM hospital)
ঘটনার পরই হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ও পুলিশ দ্রুত এগিয়ে এসে জখমদের উদ্ধার করে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রাহিদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কীভাবে হঠাৎ এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ
AI Coding Express: টয়ট্রেনে ডিজিটাল শিক্ষা! দার্জিলিঙে আসছে ‘এআই কোডিং এক্সপ্রেস’

