Bengal Liberty:
উত্তপ্ত শিল্পনগরী দুর্গাপুর। ভোটের ফল প্রকাশের পর থেকে দীর্ঘদিন এলাকাছাড়া থাকার পর বাড়ি ফিরতেই জনরোষের মুখে পড়লেন ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। রবিবার গভীর রাতে কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল টাউনশিপ কলোনি এলাকায় তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ (TMC Leader Attacked)
স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের ক্ষমতায় থাকাকালীন শশাঙ্ক শেখর মণ্ডল এবং তাঁর দাদার বিরুদ্ধে এলাকায় দাপট দেখানো এবং সাধারণ মানুষের উপর নানা ধরনের চাপ তৈরির অভিযোগ ছিল। এক বাসিন্দার দাবি, টাউনশিপের কোয়ার্টারে বসবাসের জন্যও তাঁদের টাকা দিতে হত। তাঁর অভিযোগ, বছরে প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। এত দিন ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারেননি বলেও দাবি স্থানীয়দের। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তাঁরা নিজেদের অভিযোগ প্রকাশ্যে আনতে পারছেন বলে দাবি তাঁদের।

রবিবার রাতে প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়ির সামনে জড়ো হওয়া জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে ইট, কাঠ এবং ডিম ছোড়েন বলে অভিযোগ। এমনকি বাড়ির ভিতরেও ভাঙচুর চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশের পদক্ষেপ (TMC Leader Attacked)
দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলার পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। পুলিশের লাঠিচার্জে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
শেষ পর্যন্ত প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পুরো ঘটনায় কারা জড়িত এবং স্থানীয়দের তোলা অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ বাড়ি থেকে ডেকে নিয়ে খুন! বারুইপুরে বিজেপি কর্মীর মৃত্যু

