Bengal Liberty
স্কুলের পোশাকবিধি মেনেই ক্লাস করতে হবে পড়ুয়াকে। স্কুলের নির্ধারিত পোশাকবিধির মেনে চলা বাধ্যতামূলক (Allahabad High Court)। বিদ্যালয়ের ইউনিফর্মের বাইরে গিয়ে হিজাব পরার অনুমতি চাওয়া এক পড়ুয়ার আবেদন খারিজ করল এলাহাবাদ হাই কোর্ট। গত ২১ আগস্ট বিচারপতি জেজে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুল্কের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

স্কুলের নির্ধারিত পোশাক বাধ্যতামূলক
উত্তরপ্রদেশের এক একাদশ শ্রেণির পড়ুয়া উত্তীর্ণ তাঁর মায়ের সঙ্গে আদালতের দ্বারস্থ হন। স্কুলের নির্ধারিত পোশাকের পরিবর্তে তাঁকে হিজাব পরার অনুমতি দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। আবেদনের পরিপেক্ষিতে আদালত স্পষ্ট জানায়, সংশ্লিষ্ট স্কুলের পোশাকবিধি মেনেই তাঁকে ক্লাস করতে হবে।

মামলার শুনানিতে আদালতের নজরে আসে, স্কুলের অন্যান্য পড়ুয়ারা হিজাব পরেন না। এমনকি একই ধর্মাবলম্বী পড়ুয়ারাও প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলছেন। আদালত বিভিন্ন ছবি খতিয়ে দেখে এই বিষয়টি উল্লেখ করে।

হাই কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী – মহিলাদের হিজাব পরা ইসলামের এমন কোনও অপরিহার্য ধর্মীয় রীতি নয়, যা পালন না করলে ধর্মীয় বিশ্বাস বিপন্ন হয়ে পড়বে। মামলাকারী হিজাবকে অপরিহার্য ধর্মীয় রীতি হিসেবে যে দাবি করেছেন, সেটিও আদালতের মতে যথেষ্ট ভিত্তিসম্পন্ন নয়।একই সঙ্গে আদালত জানায়, সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি শৃঙ্খলা ও সমতার নীতি বজায় রেখে নিজেদের পোশাকবিধি নির্ধারণ করতে পারে। সেই পোশাকবিধি যদি স্বচ্ছ এবং বৈষম্যহীন হয়, তা হলে শুধুমাত্র ব্যক্তিগত ধর্মীয় পছন্দের কারণে সেখানে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ফলে স্কুলের নির্ধারিত পোশাকবিধির বাইরে গিয়ে হিজাব পরার অনুমতি চেয়ে করা ওই পড়ুয়ার আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাই কোর্ট।

