Bihar students protest
Bengal Liberty : সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা এবং একাধিক পরীক্ষা বাতিলের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলনে নেমেছেন বিহারের পরীক্ষার্থীরা (Bihar students protest)। মঙ্গলবার সেই বিক্ষোভই চরম আকার নিল। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। পটনার গান্ধি ময়দান থেকে মিছিল শুরু হয়ে ডাকবাংলো ক্রসিংয়ে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান চালায় পুলিশ। পরে লাঠিচার্জও করা হয়। পাল্টা পাথর ছোড়ার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। সব মিলিয়ে মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় পটনা (Bihar students protest)।

জলকামান, লাঠিচার্জে উত্তপ্ত পটনা (Bihar students protest)
মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে হাতে জাতীয় পতাকা নিয়ে এগোচ্ছিলেন পড়ুয়ারা। ডাকবাংলো ক্রসিংয়ে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয় বচসা ও ধস্তাধস্তি। একসময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা।পরিস্থিতি সামাল দিতে প্রথমে জলকামান ব্যবহার করা হয়। কিন্তু তাতেও পিছিয়ে যাননি পড়ুয়ারা। বরং বৃষ্টির জলের মধ্যেই তাঁরা ‘রেইন ড্যান্স’ শুরু করেন। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তাতে পটনা পুলিশের ডিএসপি কামাখ্যা নারায়ণ আহত হয়েছেন। তাঁর নাকে গুরুতর আঘাত লাগে বলে খবর। সূত্রের দাবি, তাঁর নাক ভেঙে গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ডাকবাংলো ক্রসিং-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। রয়েছে CRPF এবং RAF-ও।

১৩ দফা দাবিতে আন্দোলন (Bihar students protest)
বিহারে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে প্রায় ১০ দিন ধরে আন্দোলন চলছে। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন ছাত্রনেতা আমান কুমার। ১৫টিরও বেশি ছাত্র সংগঠন এই আন্দোলনে যুক্ত বলে দাবি করা হয়েছে। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি হল ৭০তম BPSC পরীক্ষা ফের নেওয়া। ১,৭৯৯ জন ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিও রয়েছে। TRE-4 শিক্ষক নিয়োগে এক দফায় পরীক্ষা নেওয়া, BSSC-র স্থগিত পরীক্ষাগুলি দ্রুত আয়োজন এবং BET পরীক্ষার প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবিও তুলেছেন তাঁরা। এছাড়াও লাইব্রেরিয়ান-সহ বিভিন্ন সরকারি পদে দ্রুত নিয়োগ, পরীক্ষা শেষে প্রশ্নপত্র, উত্তরপত্র ও OMR শিট পরীক্ষার্থীদের দেওয়ার দাবি রয়েছে। সরকারি নিয়োগ পরীক্ষার জন্য নির্দিষ্ট বার্ষিক ক্যালেন্ডারের দাবিও জানানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় কারচুপির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও রয়েছে।

আলোচনার দাবি তেজস্বীর (Bihar students protest)
আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সরকারকে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকে চিঠি লিখে তিনি বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। BPSC, BSSC, সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবল নিয়োগ-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তেজস্বী। পাশাপাশি, অতীতে হওয়া পরীক্ষাগুলিতে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলির নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন :
Allahabad High Court: স্কুলের পোশাকবিধি মানতেই হবে! হিজাবের আবেদন খারিজ আদালতে

