Caste Census
Bengal Liberty: জাতীয় স্তরে জাতিগত জনগণনা (Caste Census) নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁদের অভিযোগ, বর্তমানে যেভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাতে ভুল তথ্য আসার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে এই বর্তমান প্রশ্নপত্র বা প্রশ্নমালা প্রত্যাহার করার দাবি তুলেছেন দুই শীর্ষ কংগ্রেস নেতা।
চিঠিতে খাড়গে ও রাহুল জানিয়েছেন যে, দেশে সামাজিক ন্যায়বিচার সঠিকভাবে প্রতিষ্ঠা করতে হলে একদম সঠিক জাতভিত্তিক তথ্য বা ডেটা থাকা দরকার। কিন্তু বর্তমান পদ্ধতিতে জনগণনা হলে সঠিক তথ্য মিলবে না। তাঁদের মূল আপত্তি রয়েছে তথাকথিত ‘ওপেন-এন্ডেড কোয়েশ্চেন’ বা মুক্ত প্রশ্ন ব্যবস্থার ওপর। এই পদ্ধতিতে মানুষ নিজের ইচ্ছামতো জাতির নাম লিখতে পারেন এবং সেটাই ফর্মে নথিভুক্ত হয়। এর ফলে একই জাতির বিভিন্ন উপজাতি বা স্থানীয় নামের কারণে একটি মাত্র জাতিই হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

কংগ্রেস নেতাদের মতে, যদি কোনো সম্প্রদায়ের মানুষের সঠিক সংখ্যা নথিভুক্ত না হয়, তবে তাদের আসল পরিস্থিতিও সামনে আসবে না। এর ফলে ওবিসি বা অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রকৃত জনসংখ্যা কত, তা অজানাই থেকে যাবে। এমনকি শিক্ষা, চাকরি এবং সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সিদ্ধান্তেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

পাশাপাশি, কেন্দ্র সরকারের এই উদ্যোগকে আইওয়াশ বা ধোঁয়াশা তৈরি বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সব মিলিয়ে, জাতিগত জনগণনার প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতারা।
আরও পড়ুনঃ
EB Market Raid: কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন, বাজারে বাজারে ইবি-র অভিযান

