Jadavpur
Bengal Liberty:
চুঁচুড়ায় আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজকে। সোমবার রাতে উত্তরপাড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

বাম নেতা গ্রেফতার (CPIM)
শ্রুতিনাথ প্রহরাজের পাশাপাশি আরও দুই সিপিআইএম কর্মী—কোন্নগরের দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তী—কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১০ আগস্ট চুঁচুড়ার ঘড়ির মোড়ে বামেদের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দিন জেলা শাসকের দফতরের দিকে মিছিল এগিয়ে গেলে ঘড়ির মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে। অভিযোগ, বাম কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

কর্মসূচি ঘিরেই উত্তেজনা (CPIM)
ঘটনায় কয়েকজন বাম কর্মী আহত হন। পাশাপাশি দু’জন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা যায়। ওই দিনই ৪০ জনের বেশি বাম কর্মী-সমর্থককে আটক করা হয়েছিল। পরে রাতে তাঁদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয় এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়(CPIM)। পরদিন আদালতে ধৃতদের জামিন মঞ্জুর হয়।
তবে ওই ঘটনার তদন্তে প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। সেই অভিযোগের ভিত্তিতেই এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীকেও গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে চুঁচুড়ার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ভারত-রাশিয়ার যৌথ নেতৃত্বে ‘শের’ তৈরি!

