Expedition Into the Unknown
Bengal Liberty : অজানাকে জানার টান, নতুন শৃঙ্গ জয়ের স্বপ্ন আর মানুষের পাশে থাকার বার্তা-এই তিন লক্ষ্যকে সামনে রেখে এবার দুর্গম হিমালয়ের পথে পা বাড়াচ্ছে বাংলার ১৫ জন পর্বতারোহীর একটি দল (Expedition Into the Unknown)। লাদাখের দুর্গম চাং চেনমো উপত্যকায় ৬,৫৩৬ মিটার উচ্চতার চাং চেনমো কাংরি শৃঙ্গে আরোহণের চেষ্টা করবেন তাঁরা। একইসঙ্গে উপত্যকার আরও কয়েকটি অনারোহন শৃঙ্গের সমীক্ষা ও আরোহণেরও পরিকল্পনা রয়েছে। কোনও শেরপা বা উচ্চ-উচ্চতার গাইডের সাহায্য না নিয়ে নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান এবং দলগত সমন্বয়ের উপর ভরসা করেই এই অভিযান চালাবেন পর্বতারোহীরা (Expedition Into the Unknown)। অভিযানের নাম-‘Expedition Into the Unknown’।

প্রথম নথিভুক্ত আরোহণের লক্ষ্যে চাং চেনমো কাংরি (Expedition Into the Unknown)
২৪ আগস্ট কলকাতায় আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা হয়। সোনারপুর আরোহী, ক্যাফে পজিটিভ এবং সিটিজেনস ফর সোশ্যাল জাস্টিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানের মূল লক্ষ্য চাং চেনমো কাংরি শৃঙ্গের প্রথম নথিভুক্ত আরোহণের চেষ্টা করা। আবহাওয়া এবং পার্বত্য পরিস্থিতি অনুকূল থাকলে উপত্যকার আরও অনারোহণ করা শৃঙ্গেও অভিযান চালাবেন দলের সদস্যরা। অভিযানের নেতৃত্বে রয়েছেন এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা জয়ী রুদ্র প্রসাদ হালদার। দলের অন্যতম সদস্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। এছাড়াও রয়েছেন অনিন্দ্য মুখার্জি, নৈতিকা নস্কর, দেবাশিস মজুমদার, তুহিন ভট্টাচার্য, দীপশ্রী পাল, ঋক রাজ রায়, নিরঞ্জন পাল, অপারেস সানগ্রাহী, ভাস্কর হালদার, যশমিনা খান, রাহুল হালদার, রতন আচার্য এবং মালয় পুরকাইত।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিন্দম মুখার্জি আনুষ্ঠানিকভাবে অভিযানের পতাকা দলের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাফে পজিটিভের প্রতিষ্ঠাতা ড. কল্লোল ঘোষ, অ্যাডভোকেট অরিন্দম দাস, সত্যরূপ সিদ্ধান্ত, রুদ্র প্রসাদ হালদার-সহ বিশিষ্টরা। অভিযান প্রসঙ্গে বিচারপতি অরিন্দম মুখার্জি বলেন, অজানার দিকে এগিয়ে যাওয়ার সাহসই অনুসন্ধানের মূল শক্তি। তিনি অভিযাত্রী দলের নিরাপদ ও সফল অভিযানের কামনা করেন। অন্যদিকে সত্যরূপ সিদ্ধান্তের কথায়, অনাবিষ্কৃত অঞ্চল মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় আবিষ্কার শুরু হয় সেখান থেকেই, যেখানে নিশ্চিন্ততার শেষ।

অভিযানের পাশাপাশি স্থানীয় পড়ুয়াদের পাশে দল (Expedition Into the Unknown)
এই অভিযান শুধুমাত্র শৃঙ্গজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পর্বতারোহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও বহন করছে গোটা অভিযান। লাদাখের ফোব্রাং এলাকার স্থানীয় স্কুলের পড়ুয়াদের মধ্যে শিক্ষামূলক সামগ্রী এবং ক্রীড়া সরঞ্জাম বিতরণ করবেন অভিযাত্রীরা। ক্যাফে পজিটিভ দীর্ঘদিন ধরে HIV-তে আক্রান্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থান, সামাজিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার জন্য কাজ করে আসছে। পাশাপাশি রক্তদান, আইনি সহায়তা, সমাজকল্যাণ এবং পর্বতারোহণভিত্তিক বিভিন্ন উদ্যোগেও সংস্থাটি যুক্ত। সেই সামাজিক বার্তাকেই এবার হিমালয়ের দুর্গম প্রান্তে পৌঁছে দিতে চাইছে এই দল।
অভিযাত্রীদের যাত্রাপথও যথেষ্ট কঠিন। ২৫ আগস্ট কলকাতা থেকে রওনা দিয়ে জম্মু, সোনমার্গ, কার্গিল ও লেহ হয়ে প্যাংগং হ্রদের উত্তরে ফোব্রাংয়ে পৌঁছবেন তাঁরা। সেখান থেকেই চাং চেনমো উপত্যকার দিকে প্রবেশ করবে দল। দুর্গম ভূপ্রকৃতি, উচ্চতা এবং অনিশ্চিত আবহাওয়ার সঙ্গে লড়াই করে নিজেদের লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করবেন তাঁরা। এবার বাংলার পর্বতারোহণের লক্ষ্য শুধু একটি শৃঙ্গ জয় নয়-অজানাকে জানা, নতুন ইতিহাসের সন্ধান এবং মানুষের পাশে দাঁড়ানোর একসঙ্গে পথচলা। ২৫ অগস্ট থেকেই শুরু হচ্ছে সেই ‘অজানার অভিযান’।
আরও পড়ুন :
Kalighat Temple: কালীঘাট মন্দিরে থার্মাল স্ক্যানিং! 3D ছবি তুলল NSG

