Fair Price Shop Proposal
Bengal Liberty: সর্বভারতীয় ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নতুন রাজনৈতিক পরিবেশকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, দীর্ঘদিন পর কেন্দ্র ও রাজ্যে একই মতাদর্শের সরকার আসায় রেশন ডিলারদের জন্যও আশার আলো দেখছে। এছাড়া রাজ্য সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ায় সরকারের বিভিন্ন জনমুখী কাজেরও ভূয়সী প্রশংসা করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একগুচ্ছ প্রস্তাব (Fair Price Shop Proposal)
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাল, ডাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের কাছে রেশন দোকানের মাধ্যমে কিছু বিশেষ প্রকল্প চালুর দাবি জানিয়েছে ডিলার্স ফেডারেশন। তাদের প্রধান প্রস্তাবগুলির মধ্যে রয়েছে—
কেন্দ্রের ‘Tide-Over allocation’ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের হাতে কিছুটা কম দামে চাল তুলে দেওয়া।
রেশন দোকানের মাধ্যমে প্রধানমন্ত্রী জনপোষণ কেন্দ্র চালু করা।
সুলভে জনঔষধি কেন্দ্র চালু করা।
৫ কেজি ওজনের নন-সাবসিডাইজড গ্যাস সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করা।
রেশন দোকান থেকেই যাতে সমস্ত নিত্যপ্রয়োজনীয় ও ব্যবহার্য জিনিস বিক্রি করা যায়, তার সরকারি অনুমোদন দেওয়া।

প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন (Fair Price Shop Proposal)
ডিলার্স ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, রেশন ডিলারদের এই কাজের সঙ্গে যুক্ত করলে রাজ্যের প্রান্তিক এলাকাতেও পরিষেবা পৌঁছে দেওয়া সহজ হবে। বর্তমানে মুনাফার কথা বড় করে না দেখে সাধারণ মানুষের স্বার্থে সঠিক বিপণন ব্যবস্থার ওপর জোর দিতে চাইছে সংগঠন। খাদ্যমন্ত্রী ও খাদ্য দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়েছে।

