ABVP On Jadavpur
Bengal Liberty:
যাদবপুর-কাণ্ডের তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। ক্যাম্পাসে দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের তদন্তে এবার বিশ্ববিদ্যালয়ের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল যাদবপুর থানার পুলিশ(Jadavpur University)। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের চারটি গেট এবং ট্রাফিক এলাকার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সিসিটিভি ফুটেজ হস্তান্তর (Jadavpur University)
গত ১৯ আগস্ট রাতে এবং ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পর যাদবপুরের উপাচার্য ই-মেলের মাধ্যমে থানায় অভিযোগ জানান। ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ছাত্রাবাসে হামলার অভিযোগের তদন্তের দাবিও জানান তিনি। একইসঙ্গে ক্যাম্পাসের সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়ার কথা ই-মেলে জানিয়েছিলেন উপাচার্য।
অভিযোগ দায়েরের পর সোমবার যাদবপুর থানার পুলিশ ক্যাম্পাসে গিয়ে সিসিটিভি ফুটেজ চায়। এরপর মঙ্গলবার সকালে তদন্তের অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) মনোজ কুমার ঝা। রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। মূলত সংঘর্ষের দিনের সিসিটিভি ও ভিডিও ফুটেজ কীভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়েই আলোচনা হয়।

তদন্ত কোন পথে (Jadavpur University)
এরপর মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে চারটি গেট এবং ট্রাফিক এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাদবপুর থানার পুলিশ। গত বুধবার ও বৃহস্পতিবারের নির্দিষ্ট সময়ের ফুটেজও পুলিশের প্রয়োজন বলে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে।
এদিকে, ঘটনার তদন্তে উপাচার্যের গড়া তদন্ত কমিটিও এখনও কাজ শুরু করতে পারেনি। কমিটির চেয়ারম্যান হিসেবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শুভশঙ্কর সরকারের নাম প্রস্তাব করা হলেও শারীরিক কারণে তিনি দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর। তবে যাদবপুর পুলিশ যে তদন্তে এক ধাপ এগিয়েছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ কলকাতা পুরভোটে বড় দায়িত্ব সুকান্তের, প্রস্তুতি শুরু গেরুয়া শিবিরের

