Municipal Election
Bengal Liberty
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে নতুন ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত সীমানা নিয়ে সাধারণ মানুষ, সংশ্লিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক দলগুলির মতামত ও পরামর্শ জানানোর সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই মতামত জমা দেওয়া যাবে (KMC Delimitation)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ওয়ার্ডগুলির সীমানা নিয়ে কোনও আপত্তি বা পরামর্শ থাকলে তা ২২ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারের কাছে জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চলেছে কলকাতা পুরসভা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডে। নতুন খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত এবং ওয়ার্ড সীমানা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

কলকাতায় ২০৯টি ওয়ার্ডের খসড়া
২০২৬ সালের সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। ২২ অগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ১৯৮০-এর দ্বিতীয় তফসিল সংশোধনের প্রস্তাবের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
নতুন প্রকাশিত নথিতে প্রতিটি ওয়ার্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সীমানা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত পুর বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী প্রশাসনিক ও আইনি প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। রাজ্যপাল আরএন রবির সম্মতির পর পুর আইন সংশোধনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। আসন্ন কলকাতা পুর নির্বাচনকে সামনে রেখে এই ডিলিমিটেশন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

