Kolkata Metro
Bengal Liberty:
মেট্রো সম্প্রসারণের কাজের জট কাটল। ধর্মতলার বিধান মার্কেট এলাকায় মেট্রোর(Kolkata Metro)কাজ শুরু করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে দোকানদারদের সাময়িকভাবে সরানোর ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

আদালতের নির্দেশ (Kolkata Metro)
আদালত জানিয়েছে, জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পের জন্য বিধান মার্কেট এলাকায় কাজ শুরু করা যাবে। প্রয়োজনে আপাতত দোকানদারদের অন্যত্র সরানো যাবে। তবে কাজ শেষ হলে তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে। এই মর্মে দোকানদারদের লিখিতভাবে জানাতে হবে মেট্রো কর্তৃপক্ষকে।
আদালতের নির্দেশ, অস্থায়ীভাবে যে জায়গায় দোকানদারদের সরানো হবে, সেখানে জল, বিদ্যুৎ, নিরাপত্তা-সহ ন্যূনতম পরিষেবার ব্যবস্থা করতে হবে। সমস্ত পরিষেবা নিশ্চিত করার পরেই দোকানদারদের সরানোর প্রক্রিয়া শুরু করা যাবে। পাশাপাশি, সাত দিনের মধ্যে প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

দোকানদারদের দাবি (Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধান মার্কেটের দোকানদারেরা। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, ১৯৫৪ সালে প্রতিরক্ষা দফতরের জমিতে তৈরি হয় এই মার্কেট। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। অভিযোগ, লিখিত প্রতিশ্রুতি ছাড়াই দোকানদারদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল দোকানদারদের সংগঠন।

আরও পড়ুনঃ তোলাবাজির অভিযোগে শমীকের চিঠি! স্পষ্ট বার্তা, ‘দল দায় নেবে না’

