Meera Bhattacharya
Bengal Liberty: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পাম অ্যাভিনিউয়ের নিজ বাসভবনে ফিরে গেলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়। একমাত্র ছেলে সুচেতন ভট্টাচার্যের সঙ্গেই তিনি বাড়ি ফেরেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৭৬ বছর বয়সি মীরাদেবীর শারীরিক অবস্থা বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। গত শুক্রবার তীব্র পেটের ব্যথা ও সামান্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট ডা. সৌতিক পান্ডা এবং পদ্মশ্রী অধ্যাপক ডা. সরোজ মণ্ডল সহ বিশিষ্ট চিকিৎসকদের একটি বিশেষ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসকদের চিকিৎসায় তিনি দ্রুত সাড়া দেওয়ায় এবং শারীরিক সংকট কেটে যাওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকদের একাংশের মতে, অনিয়মিত খাওয়া-দাওয়ার অভ্যাসের কারণে তাঁর এই শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাই বাড়ি ফেরার পর তাঁকে নিয়ম মেনে ও সময়মতো খাবার খাওয়ার বিশেষ পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে বেরোনোর সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাত জোড় করে নমস্কার জানান মীরাদেবী। অন্যদিকে, তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরায় রাজনৈতিক ও সামাজিক মহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।
আরও পড়ুনঃ
Posta Gold Robbery: পোস্তায় সোনার দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার মূল ‘টিপার’

