Posta Gold Robbery
Bengal Liberty: কলকাতার ব্যস্ত ব্যবসায়িক এলাকা পোস্তার একটি সোনার দোকানে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাওড়া থেকে ললিত মুন্দ্রা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ললিত এই পুরো ডাকাতির ঘটনার অন্যতম মূল ‘টিপার’ হিসেবে কাজ করেছিল এবং সমস্ত খবর পাচার করত।
গত কয়েকদিন ধরেই এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। আর সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই পুলিশ ললিত মুন্দ্রার গতিবিধি ও তার এই অপরাধের সঙ্গে জড়িত থাকার জোরালো প্রমাণ পায়। এরপরই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাওড়ায় অভিযান চালিয়ে তাকে জালে তোলে তদন্তকারী আধিকারিকরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সরাসরি লুটপাটের ঘটনায় হাত না থাকলেও, এই অপরাধের পরিকল্পনা এবং তথ্য সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ললিতের। কোন সময়ে দোকানে বেশি সোনা থাকে, কারিগরি বা নিরাপত্তার ফাঁকফোকর কোথায় রয়েছে—এই সমস্ত খবর সে বাইরে পাচার করত বলেই অনুমান করা হচ্ছে।

গ্রেফতারের পর ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ৩১ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ডাকাতির নেপথ্যে আর কারা কারা জড়িত রয়েছে এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে ললিতকে নিজেদের হেফাজতে নিয়ে এখন তীব্র জেরা করছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে যুক্ত বাকি অপরাধীদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ
Fair Price Shop Proposal: রেশন দোকানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির প্রস্তাব ফেডারেশনের

