Samik Bhattacharya
Bengal Liberty : রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি ও অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে (Samik Bhattacharya)। সেই আবহেই এবার দলের অন্দরে কড়া সতর্কবার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে কেউ কোনও অনৈতিক কাজে জড়ালে তার দায় দল নেবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। শুধু সতর্ক করেই থামেননি। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি (Samik Bhattacharya)।

খোলা চিঠিতে ‘জিরো টলারেন্স’-এর বার্তা (Samik Bhattacharya)
দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন শমীক। রাজ্য থেকে জেলা, অঞ্চল, মণ্ডল থেকে বুথ-সব স্তরের কার্যকর্তাদেরই এই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। চিঠিতে শমীক জানিয়েছেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দলের বিভিন্ন স্তরের কর্মীদের কিছু ‘অনভিপ্রেত কর্মকাণ্ড’ এবং অনিয়মের তথ্য তাঁর নজরে এসেছে। দলীয় নীতির বাইরে গিয়ে কোনও ব্যক্তি অনৈতিক বা দুর্নীতিমূলক কাজে যুক্ত হলে তার দায় দল নেবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জিরো টলারেন্স’ নীতির কথাও চিঠিতে উল্লেখ করেছেন শমীক। তাঁর স্পষ্ট বার্তা, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললেও পদ বা সাংগঠনিক অবস্থান দেখে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

‘ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট নয়’, বলেন শমীক (Samik Bhattacharya)
শমীকের চিঠিতে বিশেষভাবে উঠে এসেছে দলের ভাবমূর্তি রক্ষার বিষয়টি। তাঁর বক্তব্য, ব্যক্তিগত স্বার্থে কোনও নেতা বা কর্মীর কাজের কারণে দলের দীর্ঘদিনের ত্যাগ ও ভাবমূর্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রাখার উপরও জোর দিয়েছেন তিনি। বিজেপি কার্যকর্তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। তাঁর বার্তা, জনসেবাই হবে দলের কর্মীদের মূল লক্ষ্য। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি-সহ নানা অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে শমীকের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন :
Highcourt on TMC: সভা করার অনুমতি দিল আদালত! ছাত্র দিবসেও তৃণমূলের দুই মঞ্চ

