Supreme Court on SIR
Bengal Liberty:
বাংলার SIR মামলায় ট্রাইব্যুনালে জমা পড়া প্রায় ৩৮ লক্ষ আবেদনের বর্তমান অবস্থা জানতে চাইল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৩৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে (Supreme court on SIR)। এর মধ্যে মাত্র প্রায় ৭ লক্ষ আবেদন ব্যক্তিগতভাবে নাম সংযুক্তির জন্য করা হয়েছে। বাকি ৩১ লক্ষেরও বেশি আবেদন এসেছে নাম বাদ দেওয়ার দাবিতে, যার অধিকাংশই নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে বলে আদালতে জানানো হয়েছে।

আদালতের প্রশ্ন (Supreme court on SIR)
চূড়ান্ত তালিকা প্রকাশের প্রায় চার মাস পরেও এত বিপুল সংখ্যক আবেদনের মধ্যে কতগুলি নিষ্পত্তি হয়েছে, কতগুলি এখনও বিচারাধীন এবং আবেদনগুলিতে কী ধরনের প্রতিকার চাওয়া হয়েছে, তা হলফনামা দিয়ে জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালত স্পষ্ট করে জানিয়েছে, বাদ পড়া ভোটারদের আবেদন এবং নাম বাদ দেওয়ার দাবিতে করা আবেদনের হিসেব আলাদা করে জানাতে হবে।
মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, ৩১টি বিধানসভা কেন্দ্রে জয়ী প্রার্থীরা যে ভোট পেয়েছেন, তার থেকেও বেশি নাম বাদ পড়েছে। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নতুন করে ভোট করানোর নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনার আগে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে কতগুলি ইলেকশন পিটিশন দায়ের হয়েছে, তা-ও জানতে চেয়েছে আদালত।

সরকারি প্রকল্প নিয়ে নির্দেশ (Supreme court on SIR)
তবে এই শুনানিতে SIR ঘিরে তৈরি হওয়া আতঙ্কের আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করেছে, SIR-এ নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব খারিজ নয়। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাউকে বিদেশি বলে ঘোষণা করা যায় না। ফলে শুধু SIR-এর তালিকায় নাম না থাকার কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও কাউকে বঞ্চিত করা যাবে না।
অর্থাৎ, SIR-এর তালিকায় নাম নেই মানেই দেশ ছাড়তে হবে বা সরকারি সুবিধা বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কারও আপাতত কোনও ভিত্তি নেই।

আরও পড়ুনঃ ‘দুধ গরম’ বিতর্কে মমতাকে পাল্টা মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

