UP Cricket
Bengal Liberty
একটি নয়, রঞ্জি ট্রফিতে খেলতে রাজ্যের চাই(UP Cricket)তিন-তিনটি আলাদা দল! এক অভূতপূর্ব ও ‘আজব’ দাবি তুলে লখনউয়ের একানা স্টেডিয়ামের বাইরে আন্দোলনে নামলেন প্রায় ২৫০ জন জেন-জি (Gen Z) ক্রিকেটার ও তাঁদের অভিভাবকেরা। রাজ্য থেকে ক্রিকেটার উঠে আসার পথ সুগম করতে এবং পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে এই অভিনব প্রতিবাদে তোলপাড় উত্তরপ্রদেশের ক্রিকেট মহল। দিল্লি, ঝাড়খণ্ড, বিহারের পর জেন-জিদের আন্দোলন এবার ২২ গজে।

বিশাল রাজ্যে একটি দল অপ্রতুল(UP Cricket)
উত্তরপ্রদেশ একটি বিশাল রাজ্য, যার জনসংখ্যা প্রায় ২৫ কোটি। প্রতিবাদকারীদের দাবি, এত বড় জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তারের রাজ্যে মাত্র একটি রঞ্জি দল থাকায় অসংখ্য প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পূর্বাঞ্চল ও মধ্য উত্তরপ্রদেশের উঠতি ক্রিকেটাররা অভিযোগ করছেন, তাঁরা ক্রমাগত অবহেলার শিকার হচ্ছেন। তাই রাজ্যের ক্রিকেট সংস্থাকে ভেঙে তিনটি পৃথক অ্যাসোসিয়েশন গঠন করে রঞ্জি ট্রফিতে তিনটি আলাদা দল খেলানোর দাবি তুলেছেন তাঁরা।
ইউপি টি-টোয়েন্টি লিগে স্বজনপোষণের অভিযোগ(UP Cricket)
শুধু রঞ্জি দল নয়, চলমান উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি (UP T20) লিগেও বৈষম্যের অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশ ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অরবিন্দ সিং জানিয়েছেন, লিগে সুযোগ পাওয়া প্রায় ১৫০ জন ক্রিকেটারের মধ্যে পূর্বাঞ্চল ও মধ্য উত্তরপ্রদেশ থেকে মাত্র ১৬ জন জায়গা পেয়েছেন। অথচ পশ্চিমাঞ্চলের ৯টি জেলা থেকেই সুযোগ পেয়েছেন ৮৯ জন এবং দিল্লি থেকে নেওয়া হয়েছে ৮ জনকে! এই ধরনের আঞ্চলিক বৈষম্য বন্ধ করতে রাজ্য স্তরে সঠিক পরিকাঠামোর পুনর্গঠন চান তরুণ ক্রিকেটারেরা।
সেপ্টেম্বরে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি(UP Cricket)
এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এত বড় রাজ্যে একের বেশি রঞ্জি দলের প্রয়োজনীয়তা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তবে একানা স্টেডিয়ামের এই প্রাথমিক প্রতিবাদের পর দ্রুত কোনও সমাধান না মিললে আগামী সেপ্টেম্বরেই গোটা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই জেন-জি ক্রিকেটার ও তাঁদের পরিবারের সদস্যেরা। দিল্লি ও ঝাড়খণ্ডের মতোই কি এই ‘আজব’ দাবি গ্রহণযোগ্যতা পাবে?


