Weather Alert
Bengal Liberty
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে (Weather Update)। এর প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের দাপট বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একইসঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ আচমকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে।

কলকাতার আবহাওয়া
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’পশলা আচমকা ভারী বৃষ্টিও হতে পারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনার কারণে কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তাপমাত্রা ও অস্বস্তি
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৯ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টি না হলে দুপুরের দিকে ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে আগামী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিস্থিতিতে ফের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ চন্দ্র সূর্যকে গ্রহ বানিয়ে ফের ‘মিমের রসদ’ মমতার!

