Bengal Liberty
রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি (Municipal Election)। কলকাতা ও হাওড়া পুরসভার ভোট পরিচালনার জন্য মঙ্গলবার দলীয় কমিটি ঘোষণা করেছে বিজেপি। কলকাতার পুরভোটের দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। রাজনৈতিক মহলের মতে, শীর্ষ নেতৃত্বকে এই দায়িত্ব দেওয়ায় কলকাতা পুরভোটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।

কলকাতার দায়িত্বে সুকান্ত Municipal Election
কলকাতা পুরভোট পরিচালনা কমিটির ইনচার্জ হয়েছেন সুকান্ত মজুমদার। কো-ইনচার্জ করা হয়েছে রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়কে। কমিটির আহ্বায়ক হয়েছেন মানিকতলার বিধায়ক ও রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সহ-আহ্বায়ক করা হয়েছে কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারিকে। অন্যদিকে, হাওড়া পুরসভার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পেয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। হাওড়া পুরভোটের আহ্বায়ক হয়েছেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিং।
উল্লেখ্য, হাওড়া পুরসভায় গত আট বছর ধরে কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার আগেই কলকাতা পুরসভার বোর্ড ভেঙে যায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। বর্তমানে পুর কমিশনার স্মিতা পাণ্ডে প্রশাসক হিসেবে কলকাতা পুরসভার দায়িত্ব সামলাচ্ছেন। বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজোর পর, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হতে পারে, সেই সম্ভাবনা মাথায় রেখেই এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে দল। এদিকে পুরভোটে জোট নিয়ে জল্পনার মধ্যেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপি কোনও শরিক দলের সঙ্গে নয়, একাই পুরসভা নির্বাচনে লড়বে। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গ বিজেপির কোনও শরিক দল নেই। কলকাতা পুরসভার নির্বাচন বিজেপি একাই লড়বে, এটাই আমাদের দলীয় অবস্থান।”

