Tarapith Temple
Bengal Liberty : কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছর তারাপীঠে ভক্তদের ঢল নামে (Tarapith Temple)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ মা তারার দর্শনের জন্য ভিড় জমান বীরভূমের এই তীর্থক্ষেত্রে। সেই বিপুল জনসমাগমের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ ভক্তদের হয়রানি কমানো এবং দর্শন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এবার বড় সিদ্ধান্ত নিল তারাপীঠ মন্দির কমিটি। নতুন নিয়ম অনুযায়ী, কৌশিকী অমাবস্যার দিন কোনও ভক্তই আর গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে বা মায়ের মূর্তি স্পর্শ করতে পারবেন না। সকলের জন্যই কার্যকর হবে একই নিয়ম (Tarapith Temple)।

গর্ভগৃহে প্রবেশ নয়, বাইরে থেকেই মা তারার দর্শন (Tarapith Temple)
মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের কৌশিকী অমাবস্যায় সাধারণ ভক্ত, ভিআইপি, ভিভিআইপি, প্রশাসনিক আধিকারিক কিংবা মন্ত্রী- কারও জন্যই গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকবে না। সকলকেই নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করতে হবে এবং গর্ভগৃহের বাইরে থেকেই মা তারার দর্শন করতে হবে। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রতিবছর গর্ভগৃহে প্রবেশকে কেন্দ্র করে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হতো। ভিআইপি দর্শনের কারণে সাধারণ ভক্তদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত বলেও অভিযোগ ছিল। এছাড়াও দ্রুত দর্শনের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও সামনে আসে। এই সমস্ত বিষয় মাথায় রেখেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

অমাবস্যার সময়সূচি ঘোষণা (Tarapith Temple)
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার দিন দুটি পৃথক লাইন থাকবে-একটি সাধারণ ভক্তদের জন্য এবং অন্যটি ভিআইপি দর্শনার্থীদের জন্য। ভিআইপি লাইনে দর্শনের জন্য মাথাপিছু ৫০০ টাকা ধার্য করা হয়েছে, তবে সাধারণ লাইনে কোনও অর্থ লাগবে না। তাঁর কথায়, “মা তারার কাছে সবাই সমান।” সেই ভাবনাকেই গুরুত্ব দিয়ে এবার সকলের জন্য একই নিয়ম কার্যকর করা হয়েছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ মিনিটে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে এবং ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে তা শেষ হবে।
আরও পড়ুন :
Sandip Ghosh : ফের চর্চায় আরজি কর কাণ্ড, সুপ্রিম কোর্টে সন্দীপের জামিন আর্জি

