Municipal Election
Bengal Liberty
পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে(Municipal Election)রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল, বুধবার সকাল সাড়ে ১১টায় রাজ্যের একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা ব্যানার্জী। মূলত যে জেলাগুলিতে পুরনিগম রয়েছে, সেই জেলার জেলাশাসকরাই এই বৈঠকে অংশ নেবেন। পুরভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে, ভোটগ্রহণ কেন্দ্র, পরিকাঠামো এবং প্রশাসনিক প্রস্তুতি —একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। রাজ্যের তরফে এখনও পুরনিগমগুলির ডেলিমিটেশন সংক্রান্ত বেশ কিছু তথ্য রাজ্য নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছয়নি। সেই তথ্য দ্রুত পাওয়ার বিষয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

শিলিগুড়ি ও দুর্গাপুরে বাড়ছে ওয়ার্ড(Municipal Election)
পুরভোটের আগে শিলিগুড়ি ও দুর্গাপুর পুরনিগমে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াও শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিলিগুড়ি পুরনিগমে ওয়ার্ডের সংখ্যা ৪৭ থেকে বেড়ে ৬৩ হয়েছে। অর্থাৎ সেখানে ১৬টি ওয়ার্ড বাড়ছে। অন্যদিকে দুর্গাপুর পুরনিগমেও ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে সেখানে ৪৩টি ওয়ার্ড ছিল। নতুন বিন্যাসে আরও ১০টি ওয়ার্ড যুক্ত হয়েছে।
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করার লক্ষ্য(Municipal Election)
আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করার লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, ধূপগুড়ি-সহ একাধিক পুরসভা ও পুরনিগমে ভোট হওয়ার কথা। যদিও এখনও ভোটের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। রাজ্যের তরফে পুরভোটের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে কমিশনকে। সেই প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতেই বুধবারের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পুরভোটের ভোটার তালিকা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ১ জুলাই প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাকেই ভিত্তি করে পুরভোটের ভোটার তালিকা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে বেশ কিছু নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য, নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার নির্ধারিত নিয়ম ও গাইডলাইন মেনেই পুরভোটের ভোটার তালিকা প্রস্তুত করা হবে।


