NRS Incident
Bengal Liberty : পিত্তথলিতে পাথর ধরা পড়েছিল বলে দাবি পরিবারের। কিন্তু অস্ত্রোপচারের পর জানা যায়, পিত্তথলির বদলে বাদ দেওয়া হয়েছে অ্যাপেনডিক্স (NRS Incident )! কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এমনই বিপাকে পড়ার অভিযোগ করেছেন বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েল। পরবর্তী সময়ে শারীরিক জটিলতার কারণে তাঁকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হয়। তাতে খরচ হয় প্রায় দু’লক্ষ টাকা। আর্থিক ভাবে দুর্বল ওই রোগীর পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। বিধায়ক কুণাল ঘোষের চিঠির পর মুখ্যমন্ত্রীর দফতর দ্রুত পদক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। তবে এনআরএসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তদন্তে সত্যি প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (NRS Incident )।

এনআরএসে ভুল অস্ত্রোপচার (NRS Incident )
গত জুলাই মাসে পেটে ও বুকে যন্ত্রণা নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি হন গোপাল। পরিবারের দাবি, ইউএসজি পরীক্ষায় তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়েছিল। সেই অনুযায়ী অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও অভিযোগ, অস্ত্রোপচারের পর তাঁরা জানতে পারেন অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কয়েক দিনের মধ্যেই ফের পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় গোপালের। পরিস্থিতি সামাল দিতে তাঁকে উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা ও অস্ত্রোপচারের পিছনে প্রায় দু’লক্ষ টাকা খরচ হয়ে যায়। পেশায় ১০০ দিনের কাজের কর্মী গোপালের পক্ষে এই বিপুল খরচ বহন করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। পরে সল্টলেকের করুণাময়ী এলাকার একটি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তাঁর চিকিৎসা এবং অস্ত্রোপচার হয়।

তৎক্ষণাৎ তৎপর নবান্ন (NRS Incident )
গোপালের আর্থিক পরিস্থিতি এবং এনআরএসে চিকিৎসা নিয়ে ওঠা অভিযোগের কথা জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কুণালের দাবি, চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দফতর তাঁর সঙ্গে যোগাযোগ করে। পরে সরাসরি যোগাযোগ করা হয় গোপালের সঙ্গেও। গোপালের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থার পাশাপাশি আর্থিক পরিস্থিতিও অত্যন্ত খারাপ। এই অবস্থায় কুণাল ঘোষ তাঁর হয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁকে জানানো হয়েছে, আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে মুখ্যমতি অনুমোদন দিয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চেয়ে পাঠানো হয়েছে।

ধোঁয়াশা দেখছেন কুণাল (NRS Incident )
এদিকে এনআরএসে চিকিৎসা বিভ্রাটের অভিযোগ মঙ্গলবারই খারিজ করে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দাবি, তদন্তের পর অভিযোগটি অসত্য প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, তদন্ত শেষ হওয়ার আগে বিষয়টি রাজ্য প্রশাসন বা কুণাল ঘোষের জানা ছিল না। কুণালকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনও জনপ্রতিনিধি যদি সরকারের ‘চোখ ও কান’ হিসেবে কাজ করেন, তা হলে তা খারাপ কিছু নয়। তদন্তের পর কুণালকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজনে তদন্তের রিপোর্ট তাঁকে পাঠানো হবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে বুধবার কুণাল বলেন, এনআরএসে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও কিছু ধোঁয়াশা রয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী যে পদক্ষেপ করেছেন, সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

