Iran US tensions
Bengal Liberty, ৯ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যে লাগাতার সংঘাত ও পাল্টাপাল্টি হামলার আবহেই ঘটল আরও(Iran-US tensions) একটি বড় ঘটনা। এবার হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ল মার্কিন বাহিনীর একটি যুদ্ধকালীন হেলিকপ্টার। গত তিন মাস ধরে চলা এই যুদ্ধের কোনো মীমাংসা না হওয়ায় প্রতি মুহূর্তে উত্তেজনা বাড়ছে, পরিস্থিতিও হয়ে উঠছে উত্তপ্ত। এই অস্থিরতার মাঝেই মঙ্গলবার সকালে খবর আসে, মার্কিন সেনার একটি ‘অ্যাপাচে’ হেলিকপ্টার হরমুজের কাছে আছড়ে পড়েছে। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটিতে দু’জন সেনাকর্মী ছিলেন। তাঁদের অবশ্য নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।


রন্ধ্রে রন্ধ্রে রহস্য(Iran US tensions)
মার্কিন সেনার হেলিকপ্টারটি ঠিক কী কারণে ভেঙে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইরানের বাহিনী সেটি গুলি করে নামিয়েছে, নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা— তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল দুটি সূত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-কে জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একের পর এক নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়ছে। শান্তি বৈঠক ভেস্তে যাওয়া থেকে শুরু করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর বেনজির তৎপরতা— সব মিলিয়ে পরিস্থিতি থমথমে। হরমুজ থেকে আমেরিকার নজর ঘোরাতেই কি এই হেলিকপ্টারটিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হলো? এখন সেটাই বড় প্রশ্ন।

হেলিকপ্টার ধ্বংসের খতিয়ান(Iran US tensions)
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই তেহরানকে রুখতে অ্যাপাচে হেলিকপ্টার, এমকিউ-৯ রিপার ড্রোন, এফএ-১৮ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষ শুরুর পর থেকে ইরান প্রায় ৩০টি মার্কিন রিপার ড্রোন গুলি করে নামিয়েছে বলে খবর। পাশাপাশি কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে তিন মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে এই প্রথম আমেরিকার কোনো অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংস হলো।

