Mamata Banerjee Arrest Demand
Bengal Liberty : দেশবিরোধী মন্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করল অখিল ভারত হিন্দু মহাসভা। এই দাবিতে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজভবনে রাজ্যপাল আর.এন. রবির কাছে চিঠি জমা দিলেন সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। এর আগে এই বিষয়ে লালবাজারে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিল সংগঠনটি।
বিস্ফোরক অভিযোগ চন্দ্রচূড়ের (Mamata Banerjee Arrest Demand)
হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। তাঁর অভিযোগ, প্রকাশ্য সমাবেশ থেকে বাংলাদেশের এক নেতার খুনের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহিতার সীমা পার করেছেন। এর ফলে বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং দেশের বিদেশনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ (Mamata Banerjee Arrest Demand)
চন্দ্রচূড়বাবুর দাবি, মমতার এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জেরে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী আবার সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে ওখানকার কোটি খানেক সংখ্যালঘু হিন্দুর নিরাপত্তা বড়সড় ঝুঁকির মুখে পড়েছে। তাঁর আরও অভিযোগ, রাজ্যে হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই ছিল এই বক্তব্যের আসল উদ্দেশ্য।

অনুপ্রবেশ ও ভোট ব্যাংক রাজনীতি (Mamata Banerjee Arrest Demand)
হিন্দু মহাসভার তরফে বর্ডার এলাকার নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তৃণমূল সবসময় বাধা সৃষ্টি করেছে, যাতে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়।
সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানানো হয়েছে, দেশের সুরক্ষার স্বার্থে এই সমস্ত বিষয় খতিয়ে দেখে যেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ তথা গ্রেফতারির ব্যবস্থা করা হয়।

