India at United Nations
Bengal Liberty, ৯ জুন ২০২৬ : ফের রাষ্ট্রসংঘের মঞ্চে(India at United Nations) পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। আন্তর্জাতিক স্তরে ইসলামাবাদের নীতি যে কতটা ভণ্ডামিতে ভরা, তা আরও একবার প্রমাণ করল নয়াদিল্লি। তবে এবার শুধু ভারত নয়, আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে ইসলামাবাদের ওপর চাপ বাড়াল দুই প্রতিবেশী রাষ্ট্রই।
আফগানিস্তানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতেই পাকিস্তান এখন ধর্মীয় আবেগকে হাতিয়ার করছে। এমনকি খোদ আফগান ভূখণ্ডে পাকিস্তান গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

যুগ্ম চাপে ইসলামাবাদ(India at United Nations)
এদিন রাষ্ট্রসংঘের মঞ্চে আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করে ভারত। ভারতীয় প্রতিনিধি বলেন, “আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সেনাবাহিনী নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এই নৃশংসতাকে কোনোভাবেই ‘সামরিক অভিযান’ তকমা দিয়ে ধামাচাপা দেওয়া যায় না। সাধারণ নাগরিকদের হত্যা করা কিংবা শিশুদের অনাথ করা কখনোই সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হতে পারে না।”

পাকিস্তানের দ্বিচারিতা ফাঁস করে ভারতের তোপ, “যারা আন্তর্জাতিক আইন ও ইসলামি সংহতি নিয়ে বড় বড় কথা বলে, সেই পাকিস্তানই পবিত্র রমজান মাসে আফগানিস্তানে নির্মম বিমান হামলা চালিয়েছে। এটাই ইসলামাবাদের ভণ্ডামির সবচেয়ে জঘন্য উদাহরণ।”
এরই সঙ্গে ভারতীয় প্রতিনিধি যোগ করেন, “কয়েক দশক ধরে পাকিস্তান রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদকে টিকিয়ে রেখেছে। নিজেদের মাটিতে জঙ্গিদের সব রকম সহযোগিতা দিয়ে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নষ্ট করার যে নোংরা খেলা তারা খেলছে, তা এবার বন্ধ হওয়া উচিত।”ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, “কোনো প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে আঙুল তোলা পাকিস্তানের দীর্ঘদিনের অভ্যাস। আসলে নিজেদের তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই পাকিস্তান বারবার এইরূপ ধর্মীয় সুড়সুড়ি ও মিথ্যা প্রচারের আশ্রয় নেয়।”

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত সংঘাত চরম আকার ধারণ করেছে। সন্ত্রাস দমনের অজুহাতে আফগানিস্তানের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাক ফৌজ। শুরু থেকেই এই নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত। এবার রাষ্ট্রসংঘের মঞ্চেও আফগানদের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল নয়াদিল্লি।

