Ujjwal Biswas Arrested
Bengal Liberty : গরিব মানুষের জন্য আসা বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী আটকে রাখার অভিযোগে উত্তাল হয়ে উঠল কৃষ্ণনগর। মঙ্গলবার কৃষ্ণনগর (দক্ষিণ) কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ির গুদাম থেকে রাশি রাশি ত্রাণের শাড়ি, ত্রিপল ও মশারি উদ্ধার হলো। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রীর বাড়ি ঘেরাও করেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত উজ্জ্বল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
হাতেনাতে ধরল জনতা (Ujjwal Biswas Arrested)
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় উজ্জ্বল বিশ্বাসের বাড়ি সংলগ্ন একটি গুদাম থেকে ট্রাকে করে জিনিসপত্র সরানো হচ্ছিল। প্রমাণ লোপাট ও পাচারের উদ্দেশ্যে এই মালপত্র অন্যত্র সরানো হচ্ছে— এই সন্দেহ হতেই সেখানে জড়ো হন এলাকার মানুষ। গুদামের ভেতরে ঢুকতেই চোখ চড়কগাছ হয়ে যায় সবার। দেখা যায়, সেখানে থরে থরে সাজানো রয়েছে সরকারি ত্রাণসামগ্রী।
বিক্ষুব্ধদের অভিযোগ, দুস্থ মানুষদের না দিয়ে এই সমস্ত ত্রিপল, মশারি ও চাল-ডাল এখানে মজুত করে রাখা হয়েছিল এবং গোপনে বিক্রি করে দেওয়া হতো।

পচা ডিম ছুড়ে বিক্ষোভ (Ujjwal Biswas Arrested)
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্রের চেহারা তৈরি হয়। উত্তেজিত জনতা প্রাক্তন মন্ত্রীকে তাঁর চেম্বারে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে লক্ষ্য করে পচা ডিমও ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ উজ্জ্বল বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়।
উইপোকার মতো দুর্নীতি বেরোচ্ছে: বিজেপি (Ujjwal Biswas Arrested)
ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, “মানুষের প্রাপ্য ত্রাণ কীভাবে তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন, তা এখন প্রকাশ পাচ্ছে। চারপাশ থেকে উইপোকার মতো দুর্নীতি বেরোচ্ছে। দুস্থদের সামান্য জিনিসপত্র চুরি করে উনি নিজের প্রকৃত চরিত্র দেখালেন।”

আটকে থাকার সাফাই উজ্জ্বলের
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত চুরির অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সংক্ষিপ্ত দাবি, “ভোট ঘোষণা হয়ে যাওয়ার কারণেই কিছু মালপত্র বিলি করা যায়নি। সেগুলিই গুদামে আটকে ছিল।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

