Bengal Liberty
দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায় ১৭ বছরের এক কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, জোর করে একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মারধরের জেরেই মৃত্যু হয়েছে প্রিন্স অভিরূপ চৌধুরীর। ঘটনায় খুনের মামলা রুজু করে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রিহ্যাবে নিয়ে যাওয়ার পর মৃত্যু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত প্রিন্স অভিরূপ চৌধুরী (১৭) বাঁশদ্রোণীর চিত্তরঞ্জন অ্যাপার্টমেন্টের বাসিন্দা। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টা নাগাদ হরিদেবপুরের কবরডাঙায় অবস্থিত ‘কলকাতা সবুজায়ন প্রতিষ্ঠান’ নামে একটি রিহ্যাব সেন্টারের কয়েকজন কর্মী তাঁকে বাড়ি থেকে নিয়ে যেতে আসেন। অভিযোগ, প্রিন্স যেতে অস্বীকার করলে তাঁকে জোর করে একটি মারুতি আর্টিগা গাড়িতে তোলা হয় এবং মারধর করে রিহ্যাবে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, কিছুক্ষণ পর অভিযুক্তদের একজন স্বপন প্রামাণিক ফোন করে জানান, প্রিন্স হঠাৎ অচেতন হয়ে পড়েছে এবং তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা জানতে পারেন, কর্তব্যরত চিকিৎসক তাঁকে ‘ব্রট ডেড’ ঘোষণা করেছেন। নিহতের মা মৌসুমী চৌধুরী অভিযোগ করেন, রিহ্যাবে নিয়ে যাওয়া ব্যক্তিরাই তাঁর ছেলেকে মারধর করে খুন করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বাঁশদ্রোণী থানায় ভারতীয় ন্যায় সংহিতা ১০৩(১) ও ৩(৫) ধারায় খুনের মামলা দায়ের হয়েছে।
আরও খবর

পুলিশ ইতিমধ্যেই মামলায় নাম থাকা চার অভিযুক্ত – স্বপন প্রামাণিক, সৌরভ দাস, মনোজিৎ অধিকারী এবং গাড়ির চালক রিতেশ মণ্ডলকে গ্রেফতার করেছে । পাশাপাশি রিহ্যাব সেন্টারের মালিক শাশ্বতী মণ্ডলের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।


