Bengal Liberty:
বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের গ্রেফতারের ৫৭ দিনের মাথায় বারাসত আদালতে প্রায় ১,৭০০ পাতার বিস্তৃত চার্জশিট জমা দিয়েছে পুলিশ। একইসঙ্গে তাঁর জামিনের আবেদনও খারিজ করেছে আদালত। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তোলাবাজি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির একটি বিস্তৃত চক্র গড়ে তুলেছিলেন সব্যসাচী দত্ত।

Sabyasachi Dutta Chargesheet
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ২.৫ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্তের অনুগামীরাই সেই টাকা সংগ্রহ করে। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, সে সময় সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়র থাকায় ভয়ের কারণে তিনি অভিযোগ দায়ের করতে পারেননি।
আরও খবর

একাধিক অভিযোগে বারাসত আদালতে জামিন খারিজ
তদন্তে আরও উঠে এসেছে, এক বৃদ্ধের বাড়ি বেআইনিভাবে দখল করার পর সেই বিতর্ক মেটানোর নামে তাঁর কাছ থেকে ৪৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। পাশাপাশি, পুরসভায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
Sabyasachi Dutta Chargesheet
অর্থ লেনদেনের তদন্তে নদিয়ার তেহট্টে সব্যসাচী দত্তের এক ঘনিষ্ঠ বান্ধবীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই সোনা তোলাবাজির অর্থে কেনা হয়েছিল। এছাড়াও অভিযুক্তের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে।
তদন্তকারীদের মতে, চার্জশিটে অন্তর্ভুক্ত নথি, সাক্ষ্যপ্রমাণ এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত তথ্য মামলার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ অভিষেকের স্বস্তি! উচ্ছেদে নিষেধাজ্ঞা দিল নির্দেশ কলকাতা হাইকোর্ট


