Bengal Liberty
মঙ্গলবার সকালে রাজ্যের একাধিক জেলায় অভিযান(ED Raid) চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাজ্যের মোট ৮টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, গত কয়েক মাসের তদন্তে উঠে আসা একাধিক তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে।

সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ(ED Raid)
প্রাথমিক তদন্তে ইডির দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাত— বেশি টাকা দিলে দ্রুত এবং অতিরিক্ত সরকারি সুবিধা পাওয়া যাবে। সেই প্রলোভনে ফেলে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
তদন্তের খাতিরে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের নথিও হাতে পেয়েছেন ইডি আধিকারিকরা।


ওই অ্যাকাউন্টগুলোতে হওয়া আর্থিক লেনদেনের উৎস এবং টাকার গতিপথ খতিয়ে দেখা হচ্ছে। এদিন উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সুভাষপল্লী এলাকাতেও হানা দেয় ইডি। প্রথমে বিশাল নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। পরে তাঁর আত্মীয় রাজীব বিশ্বাসের বাড়িতেও অভিযান শুরু হয়। তবে ঠিক কী কারণে এই দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ইডি। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি বেশিরভাগ সময় এলাকার বাইরেই থাকেন; তাঁদের পেশা সম্পর্কেও স্পষ্ট কোনো ধারণা নেই প্রতিবেশীদের। যদিও স্থানীয়দের একাংশের অনুমান, কোনো আর্থিক অনিয়ম বা বেআইনি লেনদেনের সূত্র ধরেই এই অভিযান চালানো হয়ে থাকতে পারে। ইডির এই তল্লাশি অভিযান শেষে তদন্তে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই সবার নজর।


