Bengal Liberty : দিল্লির যন্তর মন্তর চত্বরে বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় (Jantar Mantar)। এলাকাজুড়ে কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এরই মাঝে আন্দোলন আরও জোরদার করার বার্তা দিল ককরোচ জনতা পার্টি। দলের প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।” একইসঙ্গে শিক্ষাবিদ তথা সমাজসৈনিক সোনম ওয়াংচুকের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর অনশন প্রত্যাহারের আবেদনও জানান তিনি (Jantar Mantar)।

১৬টি মেট্রো স্টেশন বন্ধ (Jantar Mantar)
বুধবার সন্ধ্যার পর যন্তর মন্তর এবং সংলগ্ন এলাকায় ভিড় দ্রুত বাড়তে শুরু করে। ইন্ডিয়া গেট এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। এরপরই দফায় দফায় পাথর ছোড়া এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সকাল সাড়ে ৭টা থেকে দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো ব্যস্ত স্টেশন।
পুলিশের অভিযোগ, কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের একাংশ পাথর ছোড়ার পাশাপাশি নিরাপত্তারক্ষীদের লাঠি কেড়ে নিয়ে হামলারও চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীর পরিস্থিতির উপর প্রশাসন এখন কড়া নজর রাখছে।
আরও খবর

‘আন্দোলন চলবে’,জানান অভিজিৎ (Jantar Mantar)
বৃহস্পতিবার সকালে যন্তর মন্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপি প্রধান অভিজিৎ বলেন, তাঁদের আন্দোলন এখন ৩৪তম দিনে পড়েছে। অন্যদিকে সোনম ওয়াংচুকের অনশন চলছে ২৬তম দিন। তিনি বলেন, “ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করব না।” তবে একইসঙ্গে ওয়াংচুকের উদ্দেশ্যে তাঁর আবেদন, “আপনি অনশন ভাঙুন। আমরা আপনার জীবনের ঝুঁকি চাই না। দেশের জন্য আপনার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অভিজিৎ আরও অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোক এনে আন্দোলনকে অশান্ত করার চেষ্টা করছে। তাঁর দাবি, “এক মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে পাথর ছোড়া হচ্ছে। পরে সেই দোষ আমাদের উপর চাপানো হচ্ছে।” এমনকি পুলিশের গাড়িতে করে পাথর আনার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/23/kolkata-metro-5/


