Bengal Liberty : উপনির্বাচনে দুই বিধানসভা কেন্দ্রেই বিপুল জয় পেল বিজেপি। রেজিনগরের মতো স্পর্শকাতর এলাকা এবং নিজের গড় নন্দীগ্রাম, দুই কেন্দ্রেই রেকর্ড ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে হাসিরানি রথ এবং রেজিনগরে শাঁখারভ সরকার বিপুল ভোটে জিতলেন। প্রার্থী মনোনয়ন থেকে ভোটগ্রহণের আগে পর্যন্ত নানা তর্ক-বিতর্কের মধ্য দিয়ে গিয়েছে এই উপনির্বাচন। তবে গণনার শেষে দুই কেন্দ্রেই বিজেপির জয় রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নন্দীগ্রামে রেকর্ড জয়ের প্রত্যাশা
নন্দীগ্রাম বরাবরই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এবারের উপনির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। ভোটের আগে নন্দীগ্রাম উঠে এসেছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সেখানকার কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করা নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। তাদের অভিযোগ ছিল, ইচ্ছাকৃতভাবে হেনস্থা করার জন্যই রাজ্য সরকার ও পুলিশ এমন অতি সক্রিয়তা দেখিয়েছে।
অন্যদিকে, নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছিলেন হাসিরানি রথ। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর নিজের গড়, এই কেন্দ্রকে হাতের তালুর মতো চেনেন মুখ্যমন্ত্রী। ভোটের দিন ঘোষণার পর থেকেই তিনি আশা করেছিলেন, নন্দীগ্রামের মানুষ বিজেপির উপরেই আস্থা রাখবেন এবং রেকর্ড ভোটে জিতবে দল। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, নন্দীগ্রামে বিজেপি যে ব্যবধানে জিতবে, তা কল্পনারও বাইরে। শুক্রবার ১৫ রাউন্ড গণনার শেষে সেই প্রত্যাশাই কার্যত বাস্তবের চেহারা নিল। ১,২২,৭৫৩ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ।
আরও খবর
রেজিনগরে ধুয়েমুছে সাফ হুমায়ুনের দল
রেজিনগরও এবারের উপনির্বাচনের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র ছিল। ভোটের দিন হুমায়ুন কবীর ও কংগ্রেসকে ঘিরে নানা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গণনার ফলাফলে দেখা গেল, রেজিনগরে গেরুয়া ঝড়। বিজেপি প্রার্থী শাঁখারভ সরকার ৭৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হলেন।
নির্বাচনের আগে রেজিনগরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানকার ভোটারদের কাছে এই আসনটি উপহার হিসেবে চেয়েছিলেন। ১৫ রাউন্ড গণনার শেষে দেখা গেল, রেজিনগরবাসী কার্যত মুখ্যমন্ত্রীকে সেই কেন্দ্রই উপহার দিলেন। এই কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট ৭৫,৭৪৮। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। কিন্তু উপনির্বাচনে কার্যত তাঁর দলকে ধুয়েমুছে সাফ করে দিল বিজেপি।
দুই কেন্দ্রে জয়, বিজেপির রাজনৈতিক শক্তি আরও জোরালো
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসন পেয়েছিল। এবার উপনির্বাচনে নন্দীগ্রাম ও রেজিনগর, দুই কেন্দ্রেই বিপুল জয় দলের রাজনৈতিক শক্তিকে আরও জোরালো করল। বিশেষ করে রেজিনগরের মতো স্পর্শকাতর এলাকায় পদ্মফুল ফোটা এবং নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয় বিজেপির কাছে তাৎপর্যপূর্ণ। দুই কেন্দ্রের ফলাফলকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেই মনে করছে ভারতীয় জনতা পার্টি।


