Suvendu Adhikari Ramnagar
Bengal Liberty Desk, ২৫ মার্চ, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় মার্জিনে জয়ের আত্মবিশ্বাসকে সামনে রেখে রামনগরের মাটি থেকে রাজনৈতিক লড়াইয়ের সুর আরও চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনগর বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে কর্মীসভা থেকে জয়ের সংখ্যা বেঁধে দিলেন বিরোধী দলনেতা। আবার অন্যদিকে শাসক শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করে নির্বাচনী রণকৌশল আরও স্পষ্ট করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ভোটার তালিকা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে আর সেই হাওয়াতেই ছাব্বিশে ক্ষমতার পালাবদল নিশ্চিত।
ছাব্বিশে ১৭৭ পারের দাবি (Suvendu Adhikari Ramnagar)
রামনগরের কর্মীসভা থেকে আত্মবিশ্বাসী সুরে বিজেপির জয়ের রূপরেখা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “রামনগরের মানুষ ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়েছেন। এবার বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান কত হবে তা রামনগর বিধানসভার মানুষের হাতেই নির্ভর করছে। শুভেন্দু অধিকারীর দাবি, তাঁর কথা অনুযায়ী ২০১৬ সালে বিজেপির আসন ছিল ৩, ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৭৭। এর পর আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭৭-এর নিচে নামবে না।
SIR প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ (Suvendu Adhikari Ramnagar)

এদিন তিনি সাধারণ মানুষের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আগামী দিনে ভবানীপুরেও তৃণমূলকে হারানোর লড়াই চলবে। SIR প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, ভোটার তালিকায় বিপুল সংখ্যক ‘দূষিত নাম’ বাদ দেওয়া হয়েছে এবং এখনও সেই প্রক্রিয়া চলছে। এই প্রসঙ্গ টেনে তৃণমূলকে ফের একবার শুভেন্দু মনে করিয়ে দিয়েছেন SIR প্রক্রিয়ায় ইতিমধ্যেই ৭৯ লক্ষ নাম বাদ গিয়েছে, কটাক্ষের ভঙ্গিমায় তিনি বলেন, “এবারে ভোটার তালিকায় কত দূষিত জল ছিল। ব্রেকফাস্টে ৫৮ লক্ষ, লাঞ্চে ৭ লক্ষ, এখনও ডিনার হয়নি, বিকেলের টিফিনে ৩২ লক্ষের মধ্যে ১৪ লক্ষ চলে গিয়েছে, কত বাদ যাবে আর কিছু বলব না। এর ৯০ শতাংশ ভোট তৃণমূল মেরে দিত। কত জ্বালা পিসির। লাফাচ্ছে, কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে।”
তৃণমূলকে তোপ শুভেন্দুর (Suvendu Adhikari Ramnagar)
সভা থেকে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। তাঁর বক্তব্য, “উনি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জামাই আদর করে রাখতে চান।” সেই কারণেই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন বলে দাবি করেন তিনি। একইসঙ্গে নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১১ সালে মানুষের আন্দোলন ও আত্মবলিদানের ফলেই ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের পরিস্থিতি নিয়ে সমালোচনা শুভেন্দুর (Suvendu Adhikari Ramnagar)

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি বেকারত্ব, ঋণের বোঝা, বিদ্যালয় বন্ধ হওয়া, শিল্প কারখানা চলে যাওয়া ও পরিযায়ী শ্রমিক বৃদ্ধির মতো একাধিক বিষয় তুলে ধরেন। শুভেন্দুর কথায়, “আর পিছনের দিকে তাকাবেন না, বাংলা শেষ হয়ে গিয়েছে ২ কোটি ১৫ লক্ষ বেকার, ৮ লক্ষ কোটি টাকা ঋণ, ১৯ হাজার বিদ্যালয় বন্ধ, ১ কোটি পরিযায়ী শ্রমিক, টাটা সহ ৬ হাজার ৮৬৮টি শিল্প চলে গিয়েছে।” পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে কী কী পদক্ষেপ নেওয়া হবে তারও ইঙ্গিত দেন শুভেন্দু। তাঁর দাবি, চাকরির আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এবং পরীক্ষার ফি তুলে নেওয়ার চেষ্টা করা হবে।
আরও পড়ুন-
Suvendu on Panihati Assembly: অভয়ার মা কে প্রার্থী করা নিয়ে চাপে বিজেপি, সিদ্ধান্তে দেরিতে বাড়ছে জল্পনা! কী বললেন শুভেন্দু?
Suvendu Adhikari: ভোটের মুখে খাতড়ায় মূর্তি ভাঙচুর! জনজাতি সমাজের সম্মান রক্ষার প্রশ্নে সরকারের বিরুদ্ধে তোপ শুভেন্দুর
বিজেপি সরকার গঠন করলে ৩ হাজার
সবচেয়ে বড় ঘোষণা হিসেবে তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে আগামী ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। তাঁর কথায়, মে মাসে সরকার গঠনের পর কয়েক দিনের মধ্যেই এই প্রকল্পের ঘোষণা করা হবে। এই বার্তা দিয়ে তিনি কর্মী-সমর্থকদের আরও সক্রিয় হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার আহ্বান জানান।
