RG Kar Hospital Lift
Bengal Liberty, কলকাতা:
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফট বিতর্ক যেন থামতেই চাইছে না RG Kar Hospital Lift। ট্রমা সেন্টারের লিফটে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় যান্ত্রিক বিভ্রাটের সাক্ষী থাকল এই সরকারি হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় একবার নয়, পরপর দু’বার লিফট বিকল হওয়ার ঘটনায় রোগী, পরিজন এবং হাসপাতাল কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

রোগী ও সপরিবার আতঙ্কিত প্রহর RG Kar Hospital Lift
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৫২ মিনিট নাগাদ ক্যাজুয়াল্টি ব্লকের তিনতলা থেকে নামার সময় আচমকাই বিকল হয়ে যায় একটি লিফট। দোতলা ও তিনতলার মাঝামাঝি জায়গায় সেটি আটকে পড়ে। সেই সময় লিফটের ভিতরে ছিলেন চেস্ট মেডিসিন বিভাগের এক রোগী এবং তাঁর পরিবারের ৬ জন সদস্য। দীর্ঘক্ষণ আটকে থাকার পর লিফটটি শেষ পর্যন্ত একতলায় নামলেও তার দরজা খোলেনি। বন্ধ লিফটের দমবন্ধ করা পরিস্থিতিতে অসুস্থ রোগী ও তাঁর পরিজনরা কান্নায় ভেঙে পড়েন।
প্রশ্নচিহ্নের মুখে রক্ষণাবেক্ষণ
মাত্র ৫ দিনের ব্যবধানে বারবার লিফট বিকল হওয়া এবং প্রাণহানির ঘটনা হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। গত শুক্রবারের ঘটনার পর যেখানে নিরাপত্তার কড়াকড়ি হওয়ার কথা ছিল, সেখানে পরপর এই দুটি ঘটনা প্রমাণ করছে যে পরিস্থিতি এখনও তথৈবচ। রোগী ও তাঁদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের লিফটগুলো কার্যত ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
বারবার লিফট বিভ্রাট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও, কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তার সদুত্তর মেলেনি। বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।
