Weather Alert
Bengal Liberty, ৪ এপ্রিল :
তপ্ত গরমের দাপটে নাজেহাল রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর (Weather forecast)। উপ-হিমালয় সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২ দিনে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে বলে পূর্বাভাস (Weather forecast)। এর জেরে তাপমাত্রায় সামান্য পতন হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather forecast)
শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও আংশিক মেঘলা আকাশের সঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ এপ্রিল, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা ঝড় বইতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু এবং বঙ্গোপসাগরীয় আর্দ্র বায়ুর সংঘাতে কালবৈশাখী পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা জায়গায় অবস্থান না করা এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather forecast)
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন ধরা পড়ছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ১-২ টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও থাকছে, ফলে যাতায়াতে সতর্কতা প্রয়োজন।
সামগ্রিকভাবে, ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন অব্যাহত থাকতে পারে। গরম থেকে আংশিক স্বস্তি মিললেও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
