Election security
Bengal Liberty, ৪এপ্রিল :
এবার নিজে মাঠে নামলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (CEO District Visit)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ২৩ ও ২৯ এপ্রিল, দুই দফার ভোটে ২৯৪টি আসনে নির্ধারিত হবে ভাগ্য। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। প্রস্তুতি খতিয়ে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র যাচাই করতে শনিবার থেকেই জেলায় জেলায় সফরে বেরোচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালা (CEO District Visit)।

ম্যারাথন সফরে সিইও (CEO District Visit)
শনিবার থেকেই জেলায় জেলায় ম্যারাথন সফরে নামছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, এই সফরের শুরু পূর্ব মেদিনীপুর থেকে। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বুথ স্তরের প্রস্তুতি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তিনি। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সব প্রস্তুতি ঠিকঠাক আছে কি না, সেটাই মূলত যাচাই করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য জেলাতেও যাবেন সিইও।

প্রতিটি বুথে কড়া নজরদারি (CEO District Visit)
২০২৬-এর ভোটে প্রতিটি বুথে থাকছে কড়া নজরদারি। সিসিটিভি এবং ওয়েবকাস্টিং-এর মাধ্যমে সরাসরি মনিটর করা হবে ভোট প্রক্রিয়া। সিইও মনোজ কুমার আগরওয়াল খতিয়ে দেখবেন প্রতিটি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের নিয়ম ঠিকভাবে পালন হচ্ছে কি না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন কি না, সেই দিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও নিরাপত্তা বলয় ঠিকঠাক আছে কি না, তার রিপোর্ট সরাসরি দিল্লিতে পাঠানো হবে।
আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে রাজ্যে আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে। ইতিমধ্যেই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। দীর্ঘ বিরতির পর মাত্র দুই দফায় ভোট হওয়ার কারণে নিরাপত্তার চ্যালেঞ্জ অনেক বেশি। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এবার সরাসরি রাস্তায় নেমেছেন রাজ্যের শীর্ষ নির্বাচনি কর্মকর্তা। নিশ্চিত করতে যে ভোট হবে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু।
