Model Code of Conduct
Bengal liberty desk,7 মে ,কলকাতা:
দীর্ঘ প্রায় দু’মাসের টানটান উত্তেজনা আর ভোটপর্ব মিটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রত্যাহার করে নেওয়া হলো আদর্শ আচরণবিধি। বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে এই বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে (Model Code of Conduct)। এর ফলে এখন থেকে রাজ্য সরকার ও প্রশাসন ফের স্বাভাবিক ছন্দে উন্নয়নমূলক কাজ শুরু করতে পারবে।

কী জানাল নির্বাচন কমিশন? Model Code of Conduct
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুডুচেরিতে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আজ, ৭ মে থেকেই নির্বাচনী বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে। এছাড়া গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং ত্রিপুরার যেসব আসনে উপনির্বাচন ছিল, সেখানেও আর এই নিয়ম কার্যকর থাকছে না। গতকালই রাজ্যপালের হাতে জয়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা জমা দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তারপরই দিল্লি থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা এল।

বাংলার জন্য একটি ব্যতিক্রম: ‘ফলতা’
পুরো রাজ্য থেকে বিধি উঠলেও দক্ষিণ ২৪ পরগনার ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রে এখনই নিয়ম শিথিল হচ্ছে না। কারণ, গত ২৯ এপ্রিল ওই কেন্দ্রে ভোটগ্রহণের সময় ব্যাপক গোলমালের অভিযোগ ওঠায় কমিশন সেখানে নতুন করে ভোটের নির্দেশ দিয়েছে। ফলতায় ভোট ২১ মে। ফল প্রকাশ ২৪ মে।তাই ফলতা এলাকায় এখনও আদর্শ আচরণবিধি বহাল থাকবে।
এখন কী কী করা যাবে?
নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার অর্থ হলো সরকার এবং সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তি। সরকার এখন থেকে নতুন কোনো জনকল্যাণমূলক প্রকল্প বা উন্নয়নের ঘোষণা করতে পারবে। প্রশাসনিক রদবদল, বদলি বা আটকে থাকা সরকারি টেন্ডার ও ফাইলের কাজ ফের শুরু হবে। ভোটের কারণে উন্নয়নের যে গতি স্তিমিত হয়েছিল, তা এবার ফের দ্রুত শুরু হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি—প্রায় ১৪০০ কোটিরও বেশি টাকার অবৈধ নগদ, মাদক ও প্রলোভনমূলক সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। যা অন্য সব রাজ্যের তুলনায় অনেক বেশি।
ভোটের লড়াই শেষ, এবার কাজের পালা। ফলতা বাদে রাজ্যের বাকি অংশে আজ থেকেই প্রশাসনিক স্থবিরতা কেটে গিয়ে ফিরছে স্বাভাবিক পরিবেশ। ৯ মে বাংলায় নতুন সরকার শপথ নেবে, আর তার আগেই এই বিধি উঠে যাওয়ায় কাজের পথ আরও প্রশস্ত হলো।
