আসছে মেসি। মিলছে না স্টেডিয়াম। চিন্তায় আয়োজকরা

মেঘনাদ ঘোষ: ২০ আগস্ট: কাউন্টডাউন শুরু। পাখির চোখ ১৩ ডিসেম্বর। ওই দিনই যে নিজস্ব বিমানে কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি। ঘোষণা মাত্রই শহর বুঁদ মেসি জ্বরে। শুরু হয়ে গিয়েছে টিকিটের খোঁজ। কবে টিকিট মিলবে, কোথা থেকে পাওয়া যাবে, বিশ্বজয়ী আর্জেন্টাইনকে দেখতে কত গুণতে হবে! হাজারো প্রশ্নের মেলা! সাবধানের মার নেই যে! এই সুযোগ তো বারবার আসবে না! কলকাতায় মেসির তিনটি অনুষ্ঠানের মধ্যে একটি দক্ষিণের পাঁচ তারা হোটেলের বলরুমে হবে। সাধারণের জন্য যেখানে প্রবেশাধিকার থাকবে না। অন্যটি হবে এয়ারপোর্ট যাওয়ার পথে। শ্রীভূমি, লেকটাউনে। নিজের সত্তর ফুটের ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করবেন আর্জেন্টাইন। সাধারণ মানুষ বিশ্ব ফুটবলের রাজপুত্রকে চাক্ষুষ করার সুযোগ পাবে একটি মাত্র অনুষ্ঠানেই। আর গন্ডগোলটা সেখানেই।
কোথায় হবে GOAT কনসার্ট? আয়োজকদের প্রথম পছন্দ ইডেন গার্ডেন্স। বিশ্ব ফুটবলের রাজপুত্রকে প্রিন্স অব ক্যালকাটার ডেরাতে নিয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে! তা ছাড়া যুবভারতীর থেকে ইডেনগার্ডেন্স সব দিক দিয়ে এগিয়ে। ইডেনের অবস্থানগত সুবিধা তো রয়েইছে। ইডেনের মেইনটেনেন্স অনেক ভালো! কিন্তু ইডেন কর্তৃপক্ষ (সিএবি) মেসিকে দু”ঘণ্টা স্টেডিয়াম দেওয়ার জন্য যা দাম চাইছেন, তা মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট! ২ কোটি টাকা!
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দাবি দাওয়া শুনে থ আয়োজকরা।
যুবভারতীতে আবার অন্য সমস্যা! মোট টিকিটের বড় অংশ সাধারণ মানুষের জন্য ছেড়ে দেওয়ার পক্ষপাতি আয়োজকরা। যুবভারতীতে মেসি শো করলে টিকিটের সিংহভাগ যে স্ট্যাম্পিং এর নামে মন্ত্রী আমলাদের ঘরে যাওয়া আটকানো মুশকিল!
পয়লা সেপ্টেম্বরের পর যে কোনও দিন মেসি নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে ভারতে আসার বিষয়ে নিজেই জানাবেন। সেক্ষেত্রে উন্মাদনা আরো বাড়বে বলাই বাহুল্য। এমতাবস্থায় কলকাতায় মেসির জন্য স্টেডিয়াম চূড়ান্ত করা নিয়ে আয়োজকদের অবস্থা ডাঙ্গায় বাঘ, জলে কুমিরের মত!
