Mamata Banerjee voter list issue
Bengal Liberty Desk, Kolkata:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (SIR) বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে পশ্চিমবঙ্গে Mamata Banerjee voter list issue। এই পরিস্থিতিতে কড়া সুরে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারী দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মনোনয়ন পত্র জমা দিয়ে বেরিয়েই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে নিজের ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যদি বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগের সঠিক সমাধান না হয়, তাহলে বিষয়টি নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর অভিযোগ
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার সময় অনেক জায়গায় দীর্ঘদিনের বৈধ ভোটারদের নামও বাদ পড়ছে। বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের মাধ্যমে এমন অভিযোগ তাঁর কাছে পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি। এর ফলে বহু মানুষ নিজেদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি বলেন, “বহু মানুষের নাম অন্যায়ভাবে ফ্রিজ করে দেওয়া হয়েছে, যা তাঁদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে।” মৃত বা ডু্প্লিকেট ভোটার বাদে অন্যদের নাম কেন বাদ গেল? তা নিয়ে তিনি বিচার চান। তিনি আরও বলেন “গণতন্ত্রে ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার। যদি প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা তা মেনে নেব না। প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টে যাব এবং আইনি লড়াই চালিয়ে যাব।” মুখ্যমন্ত্রীর মতে, ভোটার তালিকা নিয়ে কোনও ধরনের অনিয়ম হলে তা সরাসরি গণতন্ত্রের উপর আঘাত।

দলীয় কর্মীদের নির্দেশ
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসন ও দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ যদি দেখে তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তবে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে সাহায্য করা হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে বলেও সূত্রের খবর।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই চলছে এবং এটি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। কমিশনের দাবি, যদি কোনও বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে থাকে, তাহলে নির্দিষ্ট আবেদন পদ্ধতির মাধ্যমে তা সংশোধন করা সম্ভব।
কটাক্ষ বিজেপির
এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কড়া ভাষায় খারিজ করেছে বিজেপি। বিজেপির দাবি, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করা হয়। তাই এই বিষয় নিয়ে অযথা রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বক্তব্য, নির্বাচন কমিশন একটি স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের কাজকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার-সহ বিজেপির একাধিক নেতা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী আসলে রাজনৈতিক উদ্দেশ্যে এই ইস্যুকে বড় করে দেখাচ্ছেন।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভোটার তালিকা নিয়ে বিতর্ক বাড়ছে। শাসকদল যেখানে এই ইস্যুকে বড় রাজনৈতিক প্রশ্ন হিসেবে তুলে ধরছে, সেখানে নির্বাচন কমিশন তাদের প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মমাফিক বলেই দাবি করছে। ফলে বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াতে পারে বলেই মনে করছেন অনেকেই।
