Modi asansol rally
Bengal Liberty, ৯ এপ্রিল ২০২৬:
এলেন, দেখলেন, জয় করলেন ! শিল্পনগরী হলদিয়ার রাজনৈতিক মঞ্চ থেকে আসন্ন নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতার চূড়ান্ত আবহে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি প্রার্থী অশোক দিন্দা এবং প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।
জনসভা থেকে রাজ্যের বর্তমান প্রশাসনিক ব্যবস্থাকে কড়া ভাষায় বিঁধে প্রধানমন্ত্রী বাংলার জনগণের সামনে ‘মোদির ৬টি গ্যারান্টি’ পেশ করেন। এই প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখেই তিনি বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন।।

এক নজরে প্রধানমন্ত্রীর ‘৬ অঙ্গীকার’:
গ্যারান্টি ১: নারী নিরাপত্তা – “রাজ্যে নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “নারী নিরাপত্তা আজ বাংলায় বিপন্ন। বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।””
গ্যারান্টি ২: অনুপ্রবেশ বিরোধী পদক্ষেপ – “অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে মোদি জানান, বিএসএফ-কে পরিকাঠামোগত সহযোগিতা না করায় সীমান্ত সুরক্ষা ব্যাহত হচ্ছে। তাঁর আশ্বাস, “বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং শরণার্থী ও আদিবাসীদের আইনি রক্ষাকবচ প্রদান করা হবে।””
গ্যারান্টি ৩: দুর্নীতির দমন অভিযান – “২০১১-পরবর্তী শাসনে বালি, কয়লা, রেশন ও শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারে দুর্নীতির এই বিষবৃক্ষ উপড়ে ফেলা প্রয়োজন। সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”
গ্যারান্টি ৪: আইনশৃঙ্খলা পুনরুদ্ধার – “ভয়ভীতি ও সন্ত্রাসের রাজনীতিকে তুলাধোনা করে প্রধানমন্ত্রী আহ্বান জানান, “মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। বিজেপি রাজ্যে ভীতিমুক্ত পরিবেশ ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।”
গ্যারান্টি ৫ : শিল্পায়ন ও জবাবদিহিতা: ” হলদিয়ার বন্ধ কলকারখানা এবং থমকে যাওয়া শিল্পোন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন ও অনিয়ম আর সহ্য করা হবে না। শিল্প পুনর্গঠনের মাধ্যমে প্রতিটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা এবং প্রশাসনিক জবাবদিহিতা তৈরি করাই মোদির পঞ্চম গ্যারান্টি।”
গ্যারান্টি ৬ : বেতন কাঠামো সংস্কার ও স্বচ্ছ নিয়োগ: ” রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ (DA) বঞ্চনা এবং শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মোদি বলেন, “যোগ্য প্রার্থীদের রাজপথে বসার দিন শেষ হবে। বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করার পথে হাঁটা হবে।”
হলদিয়ার এই হাইভোল্টেজ সভা থেকে প্রধানমন্ত্রীর এই ‘৬ গ্যারান্টি’ তৃণমূল শিবিরের ওপর প্রবল রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটবাক্সে প্রধানমন্ত্রীর এই রণকৌশল কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার।
