Rahul death controversy
Bengal liberty desk,৯ এপ্রিল, কলকাতা:
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু যেন টলিউডের অন্দরে চেপে রাখা অনেক অন্ধকার সত্যকে প্রকাশ্যে নিয়ে আসছে Rahul death controversy। দিঘার তালসারিতে শুটিং চলাকালীন রাহুলের মৃত্যুর ঘটনায় যখন কাঠগড়ায় প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’, ঠিক তখনই আট বছর আগের এক ‘অমানবিক’ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

কী ঘটেছিল আট বছর আগে?
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে কনীনিকা জানিয়েছেন, আট বছর আগে যখন তিনি প্রথম সন্তান কিয়ার জন্ম দেওয়ার অপেক্ষায় ছিলেন, সেই সময় চরম আর্থিক ও মানসিক হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর দাবি, টানা তিন মাস কাজ করার পরও তাঁকে প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়নি। কনীনিকা লেখেন, “৩ মাস খাটার পরও ওরা আমায় আমার টাকা দেয়নি। স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমায় এক টাকাও দেওয়া হবে না। আমাকে কেস করতে বলা হয়েছিল, কিন্তু আমি তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। শারীরিক জটিলতা বাড়ছিল সেই সময়।”

অভাবের সেই দিনগুলি:
অভিনেত্রী আরও যোগ করেন, “বাচ্চা পেটে থাকা অবস্থায় অভাব কাকে বলে, আমি সেদিন দেখেছিলাম।” যদিও তিনি সরাসরি কোনো নাম নেননি, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে তিনি ‘অন্দরমহল’ ধারাবাহিক চলাকালীন ঘটা বিবাদের কথাই বলছেন। সে সময় শোনা গিয়েছিল, পারিশ্রমিক বাবদ প্রযোজনা সংস্থার কাছে ১১ লক্ষ টাকা পেতেন তিনি। বিপরীতে প্রযোজনা সংস্থার দাবি ছিল, কনীনিকা কাজের চেয়ে বেশি টাকা নিয়েছেন।
রাহুলের জন্য বিচার চাই:
দীর্ঘদিন চুপ থাকলেও রাহুলের মৃত্যু কনীনিকার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। রাহুলকে নিজের ভাইয়ের মতো মনে করতেন তিনি। কান্নায় ভেঙে পড়ে অভিনেত্রী বলেন, “ন্যায় তো কোনোদিনই হয় না!
তিলোত্তমা কি পেয়েছে? আমরা দুদিন প্রতিবাদ করব, তারপর নতুন খবর হবে, ভোট হবে—সব ভুলে যাব। কিন্তু যে গেল, সে তো ফিরবে না।”
টলিউডে জারি ‘ব্যান’:
ইতিমধ্যেই শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার স্বার্থে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ বা ‘ব্যান’ করা হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং। অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন, রাজন্যা মিত্রর মতো অভিনেতারা ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’-এর সব কাজ ছেড়ে দিয়েছেন।

