Sona Pappu Arrest
Bengal Liberty, ১৮ মে:
দীর্ঘ সাড়ে তিন মাসের লুকোচুরি শেষ। অবশেষে ইডির জালে ধরা দিলেন জমি প্রতারণা ও তোলাবাজি কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু(Sona Pappu Arrest)। সোমবার অর্থাৎ আজ সকালেই তিনি সশরীরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন। এবং দিনভর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় আজ রাতেই তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

Sona Pappu Arrest সাড়ে ৩ মাস পর গ্রেফতার
জমি দখল ও তোলাবাজির গুরুতর অভিযোগে গত কয়েক মাস ধরেই ইডির নজরে ছিলেন সোনা পাপ্পু। ইডির তরফে তাঁকে মোট ৫ বার সমন পাঠানো হলেও প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন তিনি। আশ্চর্যের বিষয় হলো, পুলিশের খাতায় তিনি যখন ‘ফেরার’, তখন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য আজ ইডি দফতরে ঢোকার সময় সোনা পাপ্পু দাবি করেন, “আমি কখনোই লুকিয়ে ছিলাম না, নিজের বাড়িতেই ছিলাম। তদন্তে সহযোগিতার জন্যই আজ নিজেই এসেছি।”

জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারি
ইডি সূত্রে খবর, এই মামলায় ইতিপূর্বেই গ্রেফতার হওয়া জয় কামদার এবং কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহার সঙ্গে সোনা পাপ্পুর সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। কিন্তু আজ জিজ্ঞাসাবাদের সময় তিনি সব অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেন এবং তদন্তে সহযোগিতা করছিলেন না বলে সূত্রের খবর। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা ও বারংবার সমন এড়ানোর কারণেই রাত ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, তোলাবাজির টাকা কোথায় এবং কার কার কাছে পৌঁছেছে, তা জানতে সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। এবং জানা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। কিন্তু আসল প্রশ্ন ইডির ম্যারাথন জেরায় এবার কার কার নাম ফাঁস করবেন তিনি? দক্ষিণ কলকাতার জমি দখল আর কোটি কোটি টাকার তোলাবাজির এই সাম্রাজ্য কি তিনি একাই চালাতেন, নাকি নেপথ্যে কলকাঠি নাড়ছেন কোনো প্রভাবশালী ‘গডফাদার’? সবমিলিয়ে সোনা পাপ্পু সব দায় নিজের কাঁধেই নেবেন, নাকি নিজেকে বাঁচাতে ফাঁস করে দেবেন রাঘববোয়ালদের নাম? উত্তর সময় বলবে
